অভিনেতা দেভেন ভার্মার জীবনাবসান
বর্ষীয়ান ভারতীয় অভিনেতা, পরিচালক এবং প্রযোজক দেভেন ভার্মা মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে কিডনি এবং হৃদপিণ্ডের সমস্যায় তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার।
ভারতের পুনেতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ‘আঙ্গুর’, ‘চোরি মেরা কাম’, ‘বেমিসাল’, ‘জুদাই’, ‘কোরা কাগাজ’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিল তো পাগাল হ্যায়’র মতো অনেক সিনেমায় কমিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত দেভেন ভার্মা জন্মগ্রহণ করেছিলেন এই পুনেতেই। এখানেই রাজনীতি এবং সমাজবিজ্ঞান নিয়ে নিজের স্নাতক শেষ করেন তিনি।
‘চোরি মেরা কাম’, ‘চোর কে ঘার চোর’ এবং ‘আঙ্গুর’ সিনেমায় অভিনয়ের জন্য কমিক চরিত্রে সেরা অভিনেতার ফিল্মফেয়ার জেতেন তিনি। এরমধ্যে গুলজার পরিচালিত ‘আঙ্গুর’ সিনেমাটিকে হিন্দি সিনেমার ইতিহাসে সেরা কমেডি সিনেমাগুলোর একটি হিসেবে ধরা হয়।
দেভেন ভার্মার স্ত্রী রূপা গাঙ্গুলি, প্রয়াত অভিনেতা আশোক কুমারের কন্যা।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হবে দেভেন ভার্মার শেষকৃত্য।
