‘লুটেরা কনে’ সোনাম
নীল নকশাদার লেহেঙ্গা, কপালে ঝুলছে টিকলি, হাতে উত্তর ভারতীয় কনেদের জন্য আবশ্যিক লাল-সাদা চুড়ি আর গলায় মঙ্গলসূত্র - কনের সাজে কোনো কমতি নেই। তবে এই কনে যে আর দশ জনের মতো নয় তা বুঝিয়ে দিতেই যেন গায়ে চড়িয়েছে কালো জ্যাকেট, লেহেঙ্গার নীচ থেকে পায়ে উঁকি দিচ্ছে সাদা স্নিকার আর হাতে ধরা মদের গ্লাস। এমনই রূপে দেখা গেল সোনাম কাপুরকে, তার নতুন সিনেমা ‘ডলি কি ডোলি’র প্রথম ঝলকে।
তবে এখানেই শেষ নয়, কনের পায়ের কাছেই পড়ে থাকতে দেখা যায় দিল্লি পুলিশের একটি ফাইল যার ওপর লেখা ‘লুটেরি দুলহান’, যার বাংলা করলে দাঁড়ায় ‘লুটেরা কনে’। কদিন আগেই বেরিয়েছে সিনেমাটির টিজার মোশন পোস্টার, যেখানে দেখা যায় তিন পুরুষের হাতে আঁকা ডলি নামটির উল্কি আর শেষে পর্দায় ওঠে ‘কিন্তু ডলি কার হবে?’
এসব কিছু থেকেই আঁচ করা যায় দর্শকদের জন্য নতুন এক চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন সোনাম কাপুর। ‘খুবসুরাত’-এর সহজ সরল ক্ষ্যাপাটে মেয়েটি এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবেন পুরুষদের।
রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন অভিষেক ডোগরা। ‘ডলি কি ডোলি’ হবে তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
সিনেমায় সোনামের সঙ্গে দেখা যাবে পুলকিত সম্রাট, রাজকুমার রাও এবং ভারুন ভার্মাকে। এছাড়াও অতিথি চরিত্রে আবির্ভূত হবেন সাইফ আলি খান। সিনেমাটির প্রযোজক আরবাজ খান, স্ত্রী মালাইকা আরোরা খানের সঙ্গে অংশ নেবেন একটি বিশেষ গানে।
‘ডলি কি ডোলি’ মুক্তি পাবে ২০১৫ সালের ৬ই ফেব্রুয়ারি।
