মার্লের নামে গাঁজা ব্র্যান্ড
জ্যামাইকান রেগে শিল্পী বব মার্লের পরিবারের উদ্যোগেই তার নামে বাজারে এসেছে বিশ্বের প্রথম গাঁজা ব্র্যান্ড।
মার্লে ন্যাচারাল নামে এই ব্র্যান্ডের আওতায় পাওয়া যাবে গাঁজাযুক্ত প্রসাধনী সামগ্রী। ওয়াশিংটনভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান প্রাইভেটিয়ার হোল্ডিংসের সঙ্গে যৌথ উদ্যোগে মার্লের পরিবার এসব সামগ্রী বাজারজাত করছে। চলতি বছর কেবল যুক্তরাষ্ট্রেই পাওয়া যাবে এগুলো। সামনের বছর থেকে বিশ্বব্যাপী বাজারজাত করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
বব মার্লের কন্যা, সিডেলা মার্লের মতে, তার বাবা বেঁচে থাকলে এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাতেন।
“মানুষ যে শেষ পর্যন্ত গাঁজার নিরাময়ী ক্ষমতা সম্পর্কে বুঝতে শুরু করেছে- আমার বাবা বেঁচে থাকলে খুবই খুশি হতেন এটা জেনে।”
প্রাভেটিয়ারের প্রধান নির্বাহী ব্র্যান্ডন কেনেডি বলেন, “মার্লে ছিলেন এমন একজন যিনি কিনা ৫০ বছর আগেই গাঁজার ব্যবহার বৈধ করার ব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছিলেন।”
“স্বাভাবিকভাবেই তাই মার্লে এবং এই পণ্য খুব সামঞ্জস্যপূর্ণ। আপনারা জানেন, পৃথিবীর বুকে গাঁজার সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বিখ্যাত মানুষটিই হলেন বব মার্লে।”
বব মার্লে ১৯৮১ সালে মাত্র ৩৬ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মার্লে ছিলেন রাস্তাফেরিয়ান ধর্ম বা জীবনব্যবস্থায় বিশ্বাসী যেখানে গাঁজাকে পবিত্র বলে গণ্য করা হয়।
বিশ্বজুড়েই ত্রিশের দশকের পর থেকে গাঁজাকে মাদক হিসেবে চিহ্নিত করায় বেশিরভাগ দেশে গাঁজা বহন কিংবা এর ব্যাবহার আইনত নিষিদ্ধ। কানাডা, ইসরায়েল, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশে চিকিৎসার অংশ হিসেবে গাঁজার ব্যবহার বৈধ। এছাড়াও নেদারল্যান্ডস, উরুগুয়ে এবং পর্তুগালে গাঁজা ব্যবহারে কিছুটা আইনি শিথিলতা রয়েছে। অন্যদিকে, চীন, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, জাপান, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপিন্স এবং ফ্য্রান্সে রয়েছে গাঁজা ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন।
যুক্তরাষ্ট্রের কলরাডো এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে ‘বিনোদনমূলক কর্মকাণ্ডে’ গাঁজার ব্যবহার বৈধ। এছাড়াও ২৩টি অঙ্গরাজ্যে চিকিৎসা সংক্রান্ত কাজে গাঁজার ব্যবহার বৈধ।
