ঢাকার মঞ্চে হিপহপ
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সংগীত ও নৃত্যধারা ‘হিপহপ’ এখন জনপ্রিয় বিশ্বজুড়ে। আফ্রিকান-আমেরিকানদের সাংস্কৃতি ঐতিহ্যের অংশ হিপহপ। সামাজিক অবজ্ঞা ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে ওঠায় আর অহরহ স্ল্যাং অর্থাৎ গালিগালাজ ব্যবহার করায় ভদ্রসমাজে অনেকটা অচ্ছ্যুৎই মনে করা হতো সঙ্গীতের এ ধারাকে। হিপহপ গানের মতোই নাচের ব্যাপারেও পশ্চিমা নৃত্য চর্চাকারীরা নাক সিঁটকাতেন।
কিন্তু ধীরে ধীরে তরুণদের বিনোদন ও অভিব্যাক্তি প্রকাশের এক নতুন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে হিপহপ। বাংলা ভাষায় হিপহপ গানের চর্চাটা এক দশকের কিছু বেশি সময়ের পুরনো। তবে হিপহপ নাচের চর্চাটা বেশ নতুনই বটে।
সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই হিপহপ সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে দ্বন্দ্ব দূর করার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এডুকেশন অ্যান্ড কালচারের উদ্যোগে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার সংগীত বিভাগের পরিচালনা করে থাকে নেকস্ট লেভেল নামে একটি প্রকল্প। বাংলাদেশে হিপহপ সংগীত, নাচ, বিটবক্সিং (মুখ দিয়ে শব্দ তৈরি করে সংগীতায়োজন) চর্চাকারী ৫০ জন তরুণকে গত ৬ই নভেম্বর থেকে প্রশিক্ষণ দেন নেকস্ট লেভেলের চার প্রশিক্ষক। এরা হলেন- হিপহপ গায়ক ও শিক্ষাবিদ গ্যাব্রিয়েল ‘আশেরু’ বেন, ডিস্ক জকি (ডিজে) ও শিক্ষাবিদ আন্দ্রে “ডিজে এ-মাইনর” বার্ডেন, গায়িকা, গীতিকার ও প্রযোজক জসেলিন এলিস এবং হিপ হপ নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক আমিরাহ স্যাকেট। এই চার শিল্পীর সঙ্গে ছিলেন নেক্সট লেভেল কর্মসূচির পরিচালক এবং নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মার্ক ক্যাটজ। সারা দেশ থেকে নির্বাচন করা হয় নেকস্ট লেভেলের প্রশিক্ষণে অংশ নেওয়া এ ৫০ জন বাংলাদেশি তরুণকে।
প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণদের পরিবেশনা নিয়ে সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘নেকস্ট লেভেল বাংলাদেশ’। দেশি-বিদেশি হিপহপ শিল্পীদের গান, নাচ, বিটবক্সিংয়ের লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশী লোকসঙ্গীতের সঙ্গে প্রশিক্ষক শিল্পীদের দ্বৈত গান ও নাচ ছিলো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ছিলো বাংলা ও ইংরেজি ভাষার মিশেলে সুরেলা কিছু গান।
দুই ঘণ্টার এ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে যেমন ছিলেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিশু থেকে তরুণ শিক্ষার্থীরা, তেমনি ছিলেন তাদের অভিভাবকরা। এমনকি বিভিন্ন স্কুল-কলেজের জনাকয়েক শিক্ষকও ছিলেন আমন্ত্রিত অতিথিদের আসনে। তাদের সবার প্রাণবন্ত উচ্ছ্বাস দেখে অবশ্য কে তরুণ আর কে বয়স্ক তা বোঝার উপায় ছিলনা। বাংলাদেশি লোকশিল্পীদের ঢোল, তবলা, বাঁশির সঙ্গে গানে গানে শিল্পী জসেলিন এলিস যেমন বলেন, “হিপহপ একটি জীবনধারা, যদি চাও বোঝার চেষ্টা করো তুমি...”
এছাড়া এ প্রশিক্ষণের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটলো নেকস্ট লেভেল ঢাকা একাডেমি। বাংলাদেশে নেকস্ট লেভেলের অংশীদার হিসেবে কাজ করছে নৃত্যশিল্পী লুবনা মারিয়ামের সংগঠন ‘সাধনা’।
