২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে আসল ‘বর্ন’

মার্কিন অভিনেতা ম্যাট ডেমন এবার নিশ্চিত করলেন ‘বর্ন’ ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমায় আবারও দেখা যাবে তাকে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:48 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

ই! অনলাইন বলছে, ২০১৬ সালে মুক্তি পাচ্ছে ‘বর্ন’ সিরিজের পরের সিনেমা। এ সিনেমার মাধ্যমে পল গ্রিনগ্রাসও ফিরছেন পরিচালনায়। ডেমন বলেন, “২০১৬ সালে পরের সিনেমাটি মুক্তি পাবে। পল গ্রিনগ্রাসই এটা পরিচালনা করবেন, এটাই আমি এখন বলতে পারি। আমি এখন কেবল তার হ্যাঁ-এর অপেক্ষায় আছি।”

গ্রিনগ্রাসের পরিচালনায় ডেমন এর আগে অভিনয় করেছেন সিরিজের ‘দ্য বর্ন আল্টিমেটাম’ এবং ‘দ্য বর্ন সুপ্রিমেসি’ সিনেমা দুটিতে। এর আগে সিরিজের প্রথম সিনেমা ‘দ্য বর্ন আইডেন্টিটি’তেও অভিনয় করেছিলেন তিনি। ২০০২ সালের এই সিনেমাটি পরিচালনা করেন ডাগ লিম্যান।

সিরিজের চতুর্থ সিনেমা ‘দ্য বর্ন লিগেসি’ মুক্তি পায় ২০১২ সালে। এই সিনেমায় ডেমনের বদলে মুখ্য চরিত্রে দেখা গেছে জেরেমি রেনারকে। সিনেমাটি পরিচালনা করেন টনি গিলরয়।

তবে ডেমনের ফেরার পরও রেনারের চরিত্র অ্যারন ক্রসকে নিয়ে তৈরি হবে আরেকটি সিনেমা। এটি পরিচালনা করবেন জাস্টিন লিন।