২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফিরছে ‘ডন’

১১টি দেশের পুলিশ যাকে খুঁজছে সেই ডন নিজেই ফিরছেন। সিনেপাড়ায় গুঞ্জন চলছে, ‘ডন থ্রি’ নিয়ে খুব শিগগিরই পর্দায় ফিরছেন শাহরুখ খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

‘ডন টু’র সাফল্যের পর ‘ডন থ্রি’ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু অ্যাকশন হিরোর চরিত্রে কাজ করা থেকে কিছুটা বিরতি চেয়েছিলেন শাহরুখ। এরপর কেটে গেছে তিন বছর। অবশেষে ডন সাজতে আবারও প্রস্তুত কিং খান।

‘ডন’ সিরিজের পরিচালক ফারহান আখতারের সঙ্গে মিলে যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি। সম্প্রতি ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময় ডন চরিত্রে শাহরুখের ফেরার ইঙ্গিত দেন তিনি।

টিনসেলে এখন জোর গুঞ্জন, ২০১৩ সালেই ‘ডন থ্রি’র কাজ প্রাথমিকভাবে শুরু করেছেন নির্মাতারা। ইতোমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির চিত্রনাট্যের অর্ধেক কাজ।  

‘ডন’ সিরিজের প্রথম দুই পর্বে শাহরুখের বিপরীতে দেখা গেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু এবারের পর্বে পিসিকে দেখা যাবে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই।

কারণ ‘ডন টু’ মুক্তির পরই গুঞ্জন শোনা যাচ্ছিল শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে প্রিয়াঙ্কার যা মোটেও সহজভাবে নেননি শাহরুখের স্ত্রী গৌরি খান। এরপর প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব বজায় চলতে দেখা গেছে শাহরুখ খানকে।