২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’

টেলিভিশন নাটকের জন্য অভিনেতা খোঁজার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা তরুণ অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে আনার পাশাপাশি তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে সু-অভিনেতা হিসেবে উপস্থাপনই এ আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 02:32 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

রিয়ালিটির শোর আয়োজক ব্যাকড্রপ থ্রি সিক্সটি ডিগ্রি সলিউশনস এবং এটিএন বাংলা।

নাট্যযুদ্ধের প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান। প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তুহিন বড়ুয়া।

তুহিন বড়ুয়া গ্লিটজকে বলেন, “ আর সব রিয়েলিটি শো থেকে একদমই আলাদা ‘নাট্যযুদ্ধ।  অনেক প্রতিযোগিতা হয়, কিন্তু প্রতিযোগীরা হারিয়ে যায়। কিন্তু এবার আর যেন তারা হারিয়ে না যায়, আমরা তাদের সেভাবেই গড়ে তুলবো।  বিচারক প্যানেল বেশ অভিজ্ঞ পরিচালক ও নাট্যব্যক্তিত্বদের নিয়ে গড়া হয়েছে। সত্যিকারের প্রতিভাবানরা যেন উঠে আসতে পারে সেদিকে নজর থাকবে আমাদের।”

সমগ্র বাংলাদেশকে ১২টি জোনে ভাগ করে চলে অডিশন প্রক্রিয়া। অডিশন রাউন্ড শেষে ১৭০০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় গ্রুমিং পর্ব।

১২ জন নাট্যনির্মাতা ১২টি জোনে এসব প্রতিযোগীদের গ্রুমিং করিয়েছেন এবং সার্বিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন গাজী রাকায়েত, আবু সাইয়ীদ, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, রুলীন রহমান, সকাল আহমেদ, বুলবুল জিলানী, দীপংকর দীপন, এস এ হক অলিক, দেবাশীষ বড়ুয়া দীপ, আশরাফুল আলম রিপন, রিপন নবী এবং সৈয়দ আওলাদ।

নাট্যযুদ্ধের সঙ্গে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন প্রখ্যাত অভিনেতা মাসুদ আলী খান, অভিনেত্রী দিলারা জামান, পরিচালক সাইদুল আনাম টুটুল ও নাট্যকার মাসুম রেজা। এছাড়াও প্রতিযোগিতায় একজন গোপন বিচারক থাকবেন।

অনুষ্ঠানটির প্রথম পর্ব তৈরি করা হয়েছে জার্নি রাউন্ড দিয়ে। জার্নি রাউন্ডের পর দেখানো হবে চট্টগ্রাম অঞ্চলের ৫টি নাটক। এরপর প্রচারিত হবে কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এবং ঢাকা অঞ্চলের নাটক।

নাট্যযুদ্ধের ১ম রাউন্ডে ৭/৮ মিনিট ব্যপ্তির মোট ৬৪টি নাটিকা প্রচার করা হবে। ২২টি পর্বে সমাপ্ত হবে প্রথম রাউন্ডের অনুষ্ঠান। ওয়াইল্ড কার্ড এন্ট্রিসহ অনুষ্ঠানের ২য় রাউন্ডে মোট ২০টি দল অংশগ্রহণের সুযোগ পাবে। ১০টি পর্ব ও ৩টি রেজাল্ট রাউন্ডে সমাপ্ত হবে ২য় রাউন্ডের অনুষ্ঠান। ৩য় রাউন্ডে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেক দল ৩৮/৩৯ মিনিট ব্যপ্তির নাটক নির্মাণ করবে। ৫টি পর্ব ও ৫টি রেজাল্ট রাউন্ডে সমাপ্ত হবে ৩য় রাউন্ডের অনুষ্ঠান। চুড়ান্ত পর্বে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। এদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নির্ধারণ করা হবে।

শুক্রবার থেকে এটিএন বাংলায় অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হচ্ছে। প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নতুন এই রিয়েলিটি শো।