২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রাষ্ট্রপতি ভবনে গাইবে চিরকুট

ভারতের নয়াদিল্লিতে অষ্টম সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভালে অংশ নিয়েছে ব্যান্ডদল চিরকুট। ৫ই নভেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ এশিয়ায় সংগীতের অন্যতম এই আসরে অংশগ্রহণের পাশাপাশি ভারতের রাষ্ট্রপতিভবনে গান গাওয়ার জন্যও নির্বাচিত হয়েছে ব্যান্ডটি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 04:40 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) তরফ থেকে জানানো হয়েছে,  ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ও ভারতের একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের এই ব্যান্ড উৎসবে বাংলাদেশ ছাড়াও আমন্ত্রিত হয়েছে শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তানের ব্যান্ডদল। এ ব্যান্ডদলগুলোর মধ্যে কয়েকটি পারফর্ম করবে ভারতের রাষ্ট্রপতিভবনে।

চিরকুটের জন্য অবশ্য এটাই প্রথম ভারত সফর নয়। এর আগে ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়া মিউজিক উইকে অংশ নিয়েছিল তারা। সেখানে পৃথিবীর ১৭টি দেশের ৫০টি ব্যান্ড অংশ নিয়েছিল। এই অনুষ্ঠানে চিরকুটই ছিল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র ব্যান্ড।

এ বিষয়ে গ্লিটজকে দলের অন্যতম সদস্য পিন্টু ঘোষ বলেন, “বরবারের মতোই এ সফর ঘিরেও আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। নিজেদের গানগুলো ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার জন্য আমরা এখন নিজেদের প্রস্তুত করছি। এটা অবশ্যই আমাদের জন্য বড় একটা সুযোগ। বাংলাদেশি ব্যান্ড সংগীত সম্পর্কে বিশ্বকে জানানোর এমন সুযোগ খুব বড় একটি চ্যালেঞ্জও। আমরা এই চ্যালেঞ্জটি জিতে আসতে চাই।”

২০০২ সালে যাত্রা শুরু করে ভিন্নধারার ব্যান্ড চিরকুট । নাগরিক জীবনের নানা ভাবনা গানে গানে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গঠিত ব্যান্ডটি ফিউশনে পারদর্শী। যাত্রা শুরুর ১০ বছর পর চিরকুট প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম 'চিরকুটনামা'। চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহরে’। ব্যান্ডটির ‘কানামাছি’, ‘খাজনা’, ‘বন্ধু’, ‘কাটাকুটি’, ‘লেজে রাখা পা’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

'খাজনা', 'কাটাকুটি' গানগুলো দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।  ‘খাজনা’ গানটি প্রচারিত হয়েছে এমটিভিতেও।

২০১৩ সালে নরওয়ের ব্যান্ড কাসা মুরিলোর আমন্ত্রনে তারা নরওয়ের ছয়টি শহর মাতিয়ে  এসেছে। নরওয়েজিয়ান ব্যান্ডটির সঙ্গে ‘ট্রামস অ্যান্ড এম্পটি সিটিস’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।