'পোলানস্কিকে গ্রেপ্তারের চেষ্টা চূড়ান্ত অজ্ঞতার পরিচয় দেয়'
৩৭ বছর আগে ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোরীকে ধর্ষণকারী নির্মাতা রোমান পোলানস্কি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান। তখন থেকেই ফ্রান্সের আশ্রয়ে থাকা এই নির্মাতাকে এখনও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিরোধিত করে আসছে পোল্যান্ড। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় পর্যায় থেকে বলা হলো, পোলানস্কিকে গ্রেপ্তারের চেষ্টা মার্কিনিদের ‘চূড়ান্ত অজ্ঞতা’র পরিচয় দেয়।
গত সপ্তাহে ওয়ারসতে এক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পোলানস্কি। তখন সেখানেই তাকে গ্রেপ্তার করার ব্যাপারে পোলিশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র। পোলানস্কি গ্রেপ্তার না হলেও আইনজীবীদের জেরার মুখে পড়েন।
পোল্যান্ডের প্রেসিডেন্ট বোরিনস্ল কোমরোস্কির উপদেষ্টা টমাস নালেজ যারপরনাই বিরক্ত হন এই ঘটনায়। পোলাস্কিকে ‘হলোকাস্টের শিশু’ অভিহীত করে তিনি বলেন, এমন একটি একটি যাদুঘর যেখানে হলোকাস্টের শত বর্ষ আগে থেকে ইহুদিদের জন্য একটি নিরাপদ স্থান গড়ে তুলতে পোলান্ডের ভূমিকা তুলে ধরা হয়েছে, সেটির উদ্বোধনীতে পোলানস্কিকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার বিষয়টি মোটেও ঠিক হয়নি যুক্তরাষ্ট্রের।
তিনি বলেন, “ পোলিশ ইতিহাসের দৃষ্টিভঙ্গী থেকে দেখলে এই ঘটনা যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অজ্ঞতারই পরিচয় দেয়।”
‘দ্য পিয়ানিস্ট’ খ্যাত এই নির্মাতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডেই নিজের মাকে হারান। এরপর নিজের ইহুদী পরিচয় গোপন রেখে নাৎসিদের আগ্রাসন থেকে নিজেকে বাঁচান তিনি।
পোল্যান্ডেই নিজের ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমাগুলো তৈরি করা পোলানস্কি এখন বসবাস করছেন ফ্রান্সে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার জন্মভূমিতে এসে ঘুরে গেছেন তিনি।
পোলানস্কির এই ভবঘুরে জীবনের শুরুটা হয় ১৯৭৭ সালের ধর্ষণের ঘটনার পর থেকেই। ১৩ বছর বয়সী সামান্থা গিমারকে ধর্ষণের অভিযোগে মামলার রায়ের দিনই যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে ফ্রান্সে চলে যান তিনি। পরের ৩৭ বছরে যুক্তরাষ্ট্রের মাটিতে আর কখনও পা রাখেননি। এমনকী ২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কার জিতলেও পুরস্কার গ্রহণের জন্য সশরীরে তিনি উপস্থিত হননি ।
১৯৭৭ সালেই ফ্রান্স সরকার ঘোষণা দেয়, তাদের মাটিতে পোলানস্কিকে গ্রেপ্তার করা যাবে না। সরাকারও বরাবরই এ ব্যাপারে পোলানস্কির পাশে থেকেছে। ২০১০ সালে তারা ঘোষণা দেয়, ঘটনার অনেক বছর পেরিয়ে যাওয়ায় পোলিশ আইন অনুসারে পোলানস্কিকে গ্রেপ্তারের এখন আর কোনো যৌক্তিকতা নেই।
বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পোলিশ প্রধানমন্ত্রী ইওয়া কোপাজও। তিনি বলেন, “আমার মনে হয়, পোলিশ নাগরিকদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের অপরাধের সময়সীমা অনেক কাল আগে পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে গ্রেপ্তারের যৌক্তিকতা বহাল থাকে না।”
এর আগে সাবেক পোলিশ রাষ্ট্রপতি আলেকজান্ডার কাওয়ানিয়েস্কি বলেছিলেন, “আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র থেকে কেউ না কেউ চাইছেন পোলানস্কিকে তাদের দেশে ফেরত আনতে। কিন্তু পোলানস্কির পেছনে এভাবে লেগে না থেকে তাদের উচিৎ পুরো মামলাটিকেই বাতিল করে দেওয়া।”
২০০৯ সালে জুরিখে এক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময় গ্রেপ্তার হয়ে দুই মাস কারাদণ্ড ভোগ করতে হয়েছিল পোলানস্কিকে। আন্তর্জাতিক মহলের চাপে ওই সময় ছাড়া পেয়ে যান তিনি।
