২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেন্টাল’ শাকিবের প্রেমিকা তিশা

প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমাতে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। তাও আবার শাকিব খানের বিপরীতে। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘মেন্টাল’-এ শাকিবের পাগলামীর জন্য দায়ী থাকবেন তিনিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 05:20 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

‘মেন্টাল’-এর পরিচালক শামীম আহমেদ রণি গ্লিটজকে এ খবর নিশ্চিত করেছেন। নাটক পরিচালনার পর এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রণি। যদিও তিশা নয়, সিনেমার প্রধান নায়িকা আঁচল। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে কণ্ঠশিল্পী পড়শিকে।

রণি গ্লিটজকে জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্যে পরিবর্তন আনা হচ্ছে। এর আগে জানানো হয়েছিল সিনেমায় অপরাধ বিষয়ক এক টেলিভিশন সাংবাদিক সিমির চরিত্রে অভিনয় করবেন আঁচল। আর তার প্রেমিক নিশানের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। খনিজ সম্পদ পাচারকারী একটি চক্রের বিষয়ে অনুসন্ধান করার সময় তাদের আক্রমনে গুরুতর আহত হয়ে কোমায় চলে যায় সিমি। সিমির এ অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নিশান। সিমির ওপর হামলাকারীদের খুঁজে বের করে এর প্রতিশোধ নেওয়াই তার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।

সিমি চরিত্রে এখন অভিনয় করবেন তিশা। আর শাকিবের অভিযানে তার সঙ্গী হবেন আঁচল ও পড়শি।

চলতি বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ‘মেন্টাল’ সিনেমার শুটিং শুরু হবে বলে গ্লিটজকে জানিয়েছেন রণি। 

‘মেন্টাল’ সিনেমার আগে শাকিবের সঙ্গে ‘প্রেম করে আমি মরব’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিশা। সেই সিনেমাতে তিনিই ছিলেন প্রধান নায়িকা। কিন্তু সিনেমার কাজ আর এগোয়নি। 

গ্লিটজের তরফ থেকে যোগাযোগ করা হলে পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, “এখন তো কত সিনেমাই করছি। সিনেমাটি কবে নাগাদ করব জানি না। কিছুই বলতে পারব না সিনেমাটি নিয়ে।”