২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি করেছেন স্বস্তিকা?

চলতি বছরের মাঝামাঝিতেই আত্মহত্যার চেষ্টা করে শিরোনামে এসেছিলেন টালিগঞ্জের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার শোনা যাচ্ছে তার বিরুদ্ধে চুরির অভিযোগের কথা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, দর্পন চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বস্তিকা এবং তার চলচ্চিত্রকার প্রেমিক সুমন মুখার্জি। সেখানেই রবিবার এক ‍অভিজাত অলঙ্কারের দোকান থেকে দুল চুরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । দোকানের কর্ণধার অপ্সরা অসওয়াল সঙ্গে সঙ্গেই বিষয়টি লিখিতভাবে উৎসবের কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও দাবি করছেন। অপ্সরা বলছেন, দোকানে থাকা সিসিটিভি ভিডিও ফুটেজ বলছে, দুল চুরি করেছেন স্বস্তিকা।

দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ সিনেমার মাধ্যমে শিগগরিই হিন্দি সিনে জগতে পা রাখবেন স্বস্তিকা। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। সিনেমার নির্বাহী প্রযোজকদের একজন অরিন্দম শীল দাবি করেছেন, সিসিটিভির ফুটেজটি তিনি দেখেছেন।

অরিন্দম বলেন, "বুটিকের কর্ণধার আমার বন্ধু। তিনি বিষয়টি উৎসব কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ফুটেজে দেখা যাচ্ছে, স্বস্তিকা একটি দামি গলার হার কিনে সেটির মূল্য পরিশোধ করছেন। এর পরপরই তিনি আবার গয়নার তাকের কাছে ফিরে যান এবং সেই দুলটি কানে পড়েন। এরপর তিনি তার বাঁ হাতে দুলটি নেন এবং এর খালি বাক্সটি আরেকটি বাক্সের পেছনে ঠেলে দেন। স্বস্তিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে তিনি নিজে সোমবার সকালে তার প্রেমিককে সঙ্গে নিয়ে হোটেল ছেড়ে চলে যান।”

এদিকে, শোনা গেছে উৎসবের সভাপতি শ্রেয়সি সেনের সঙ্গে স্বস্তিকার কথা হয়েছে এ বিষয়ে। তিনি নাকি বলেছেন, তিনি নির্দোষ। তবে হারিয়ে যাওয়া দুলটির মূল্য তিনি পরিশোধ করতে চান। কারণ, ঘটনাটি নিয়ে আর কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চান না তিনি।

এদিকে শ্রেয়সি সেনের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

“আমি এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। আর গণমাধ্যমকে অনুরোধ করছি, এ ব্যাপারে কথা বলার জন্য আমার সঙ্গে যোগাযোগ না করতে।”

অন্যদিকে অপ্সরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি তাকেও। তবে বিষয়টি নিয়ে তার দোকানের এক কর্মচারী জানান, “ঘটনার দিন আমার ছুটি ছিল, তাই আমি কিছু জানি না। তবে এরকম একটা বিষয়ের কথা আমি শুনেছি। আমরা তখনও জানতাম না, তিনি একজন অভিনেত্রী।”

স্বস্তিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পায়নি ভারতীয় দৈনিকটি।