২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ধুম থ্রি’র কাছে 'হ্যাপি নিউ ইয়ার’-এর হার

প্রথম দিনের আয়ে 'ধুম থ্রি’কে পেছনে ফেললেও, প্রথম সপ্তাহের আয়ে সিনেমাটিকে ডিঙ্গাতে পারেনি 'হ্যাপি নিউ ইয়ার’। মুক্তির এক সপ্তাহ পর ফারাহ খানের পরিচালনায় শাহরুখ খানের নতুন সিনেমা আয় করে ১৫৭ কোটি ৫০ লাখ রুপি, যেখানে আমির খান অভিনীত 'ধুম থ্রি’র আয় ছিল ১৮৫ কোটি ৫০ লাখ রুপি। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 03:11 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

তবে মুক্তি পাওয়ার আট দিনের মাথায় বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে 'হ্যাপি নিউ ইয়ার'। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ভারতের ভেতরে আয় করে ২৩৭ কোটি রুপি এবং ভারতের বাইরে এর আয় ছিল ৬৩ কোটি রুপি।  'চেন্নাই এক্সপ্রেস’-এর পর এটাই শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে এরই মধ্যে। 

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১০০ কোটি রুপি আয় করে নেওয়া সিনেমা এটি। এছাড়াও প্রথম দিন সর্বোচ্চ আয়ের রেকর্ডটিও এখন ‘হ্যাপি নিউ ইয়ার’-এর দখলে।

আয়ের দিক থেকে এরই মধ্যে সালমান খানের ‘দাবাং টু’কে পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি। ধারণা করা হচ্ছে 'ব্যাং ব্যাং' এবং 'এক থা টাইগার’কেও হার মানতে হবে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর কাছে। 

সিনেমায় শাহরুখ খান এবং দিপিকা পাড়ুকোনের পাশাপশি আরও অভিনয় করেছেন বোমান ইরানি, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, সোনু সুদ এবং ভিভান শাহ। সিনেমাটি মুক্তি পায় ২৪শে অক্টোবর।

পুরনো খবর:

তিন দিনেই 'হ্যাপি নিউ ইয়ার'-এর আয় ১০০ কোটি
প্রথম দিনের আয়ে রেকর্ড গড়লো 'হ্যাপি নিউ ইয়ার'