বিয়ের বাদ্য বাজলো দেবলীনা-তথাগতর
ভারতীয় বাংলা টিভি সিরিয়াল তারকা দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায় বিয়ে করেছেন সম্প্রতি।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, কয়েক মাসের প্রেমের সম্পর্কের পর এ মাসেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় ছোট পর্দার এই দুই তারকা।
দেবলীনা জানান, “আমাদের বাবা-মার উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ের কাজ সেরেছি। আপাতত ঘটা করে কোনো বিবাহপরবর্তী অনুষ্ঠানের পরিকল্পনা নেই আমাদের। তবে আমার জীবনের এই নতুন অধ্যায় পুরোপুরি উপভোগ করছি।”
৩৭ বছর বয়সী দেবলীনা ‘মানুষ অমানুষ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন। ‘কি আশায় বাঁধি খেলাঘর’, ‘এখানে আকাশ নীল’, ‘সাহকাহন’সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘অনুব্রত ভালো আছো’, ‘চতুষ্কোণ’, ‘একলা আকাশ’, ‘টান’ সিনেমাগুলোতেও দেখা গেছে তাকে।
তথাগতর সঙ্গে তিনটি সিরিয়ালে কাজ করেছেন দেবলীনা। অরিন্দম শীলের অভিষেক টিভি সিরিজ ‘চৌকাঠ’-এ প্রথম তাদের একসঙ্গে দেখা যায়। বিশ্বজিৎ গাঙ্গুলী পরিচালিত সিরিয়াল ‘সখী’তেও কাজ করেছেন তারা।
