ফিরছে আয়রন ম্যান
‘অ্যাভেঞ্জারস টু’র পর আর দেখা যাবে না বড় পর্দায় দেখা যাবে না আয়রন ম্যানকে, শোনা যাচ্ছিল এমনটাই। কিন্তু পরিচিত সেই লৌহ মুখোশের আড়ালে আবারও ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। ২০১৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা থ্রি’ তে আবারও দেখা যাবে আয়রন ম্যানকে।
সবাই মোটমুটি নিশ্চিত ছিল, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জারস টু’ই হবে আয়রন ম্যানের শেষ সিনেমা। মারভেলও জানিয়েছিল আয়রন ম্যান চরিত্রটিকে তারা আর সিনেমায় নিয়ে আসবে না। কিন্তু রবার্ট ডাউনি জুনিয়র যে আবার আয়রন ম্যান হিসেবে ফিরছেন এই খবরটি নিশ্চিত করেছে দ্য হলিউড রিপোর্টার।
যদিও ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি সিনেমার পরিচালক জুটি জো এবং অ্যান্থনি রুসো নিশ্চিত করে কিছুই জানাননি।
‘ক্যাপ্টেন আমেরিকা থ্রি’ সিনেমায় ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানের বিরোধের মাধ্যমে উঠে আসতে যাচ্ছে মারভেল কমিক্সের ‘সিভিল ওয়ার’ স্টোরিলাইনটি। মানুষ এবং অতিমানবদের নাগরিক অধিকার নিয়ে দ্বন্দ্বে দুভাগ হয়ে যায় মারভেলের সব সুপারহিরো। মার্কিন সরকার ‘সুপারহিরো রেজিস্ট্রেশন অ্যাক্ট’ জারি করায় তাতে সমর্থন জানায় আয়রন ম্যান। তবে এর বিরোধিতা করে নতুন দল গঠন করে আলাদা হয়ে যায় ক্যাপ্টেন আমেরিকা। আর এই দুই দলের মধ্যে শুরু হয় নিজেদের আদর্শ প্রতিষ্ঠার লড়াই।
এদিকে রবার্ট ডাউনি জুনিয়রকে এই সিনেমায় দেখা গেলেও ‘সিভিল ওয়ার’ স্টোরিলাইনের দুই কেন্দ্রীয় সুপারহিরো ‘স্পাইডার ম্যান’ এবং ‘উলভারিন’কে দেখা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি মারভেল।
মারভেলের পরবর্তী সিনেমা ‘দ্য অ্যাভেঞ্জারস’-এর সিকুয়াল ‘দ্য অ্যাভেঞ্জারস: এইজ অফ আলট্রন’ মুক্তি পাবে ২০১৫ সালের পয়লা মে।
