২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘এক্স-ফাইলস থ্রি’

টিভি সিরিজ ‘দ্য এক্স-ফাইলস’-এর সমাপ্তি হয়েছে প্রায় এক যুগ আগেই। সিরিজের জনপ্রিয়তার কারণে সিনেমাও হয়েছে দুটি। সিরিজের দুই কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ডেভিড ডুকভনি এবং জিলিয়ান অ্যান্ডারসন এখন ব্যস্ত আলাদা টিভি সিরিজ নিয়ে। তবে শোনা যাচ্ছে এবার আসছে ‘দ্য এক্স-ফাইলস থ্রি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

গত বছরই নতুন সিনেমার ব্যাপারে ইঙ্গিত এসেছিল সিরিজটির নির্মাতা ক্রিস কার্টারের কাছ থেকে। ফিল্ম সিরিজের তৃতীয় কিস্তির ব্যাপারে তিনি জানিয়েছিলেন, ‘এক্স-ফাইলস’-এর সব সদস্যকে এক সঙ্গে আবার দেখতে চান তিনি। এবার  জিলিয়ান অ্যান্ডারসনই সিনেমাটির ব্যাপারে ইতিবাচক মন্তব্য করলেন।                                                                                             

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘এক্স-ফাইলস’-এর নতুন সিনেমার কাজ শুরু হচ্ছে কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “হুম... অনেকটা এরকমই। সেটা জানার জন্য আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে।”

সরাসরি কিছু না বললেও অ্যান্ডারসনের এই কথাই ইঙ্গিত দেয়, সিনেমাটি নির্মাণের পরিকল্পনা চলছে।

এদিকে আশির দশকের বিখ্যাত সাই-ফাই/ফ্যান্টাসি সিনেমা ‘ঘোস্টবাস্টারস’-এর সিকুয়ালেও দেখা যেতে পারে অ্যান্ডারসনকে। পল ফিগের পরিচালনায় নতুন এই ‘ঘোস্টবাস্টারস’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য জিলিয়ান অ্যান্ডারসনকেই নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন এক ঘোস্টবাস্টার বিল মারে।

‘ঘোস্টবাস্টারস থ্রি’ নামের এই সিনেমাটি নাকি হতে যাচ্ছে ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘ঘোস্টবাস্টারস’-এর রিমেইক এবং এটি হবে নারীকেন্দ্রিক একটি সিনেমা।