২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে’

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও থিতু হতে চাইছেন অভিনেতা সাব্বির আহমেদ।  এখন তিনি অভিনয় করছেন গোলাম মোস্তফা শিমুলের ‘কারণ তোমায় ভালোবাসি’ এবং ‘হরি জুপিয়া’ সিনেমাতে। দুটি সিনেমাতেই সাব্বিরের বিপরীতে অভিনয় করছেন মডেল, অভিনেত্রী বিথী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 04:13 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

সিনেমায় অভিনয় প্রসঙ্গে সাব্বির গ্লিটজকে বলেন, “সিনেমায় অভিনয়ের প্রস্তাব অনেক আগেই পেয়েছি। কিন্তু আমি চেয়েছি নিজেকে সিনেমার জন্য প্রস্তত করতে। আমি বিশ্বাস করি যে কোনো কিছুর জন্যই একটা প্রস্তুতি প্রয়োজন। এখন নিজেকে অনেকটা প্রস্তত মনে করছি বলেই সিনেমায় অভিনয় করছি।”

ছোট পর্দার অনেকেই সিনেমায় সুবিধা করতে পারছে না, এ কথা মেনে নিয়েই সাব্বির বলছেন, “জীবনে ঝুঁকি না নিলে সফলতা কোনভাবেই আসবে না। আমি সিনেমায় অভিনয় করতে চাই।  তাই এই ঝুঁকিটা নিলাম। যদি আমি সেখানে নিজেকে সফল প্রমান করতে না পারি তাহলে আমি আবারও টেলিভিশনের জন্য কাজ করব।”

তবে ঢাকাই সিনেমা নিয়ে বেশ আশাবাদী তিনি।

“ঢাকাই চলচ্চিত্রে এখন সুবাতাস বইছে। এখন ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় অনেকে পরিচালক খুব অল্প বাজেটেই আর সিনেমা নির্মাণ করতে পারছেন। ভালোর পাশাপাশি বেশ কটি খারাপ কাজও হচ্ছে। তবে দর্শক খারাপটা বর্জন করছে। আগামীতে ঢাকাই সিনেমায় আবারও সোনালী দিন ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি।”

নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় ঠিক মতো চালিয়ে যেতে পারবেন কি না এমন প্রশ্নে সাব্বিরের সহজ উত্তর, “নাটক আর সিনেমার সমন্বয় সাধনের বিষয়টি নির্ভর করে পূর্ব প্রস্তুতির উপর। আমি কবে কোন কাজটি করব তা আগে থেকেই ঠিক করে রাখলেই এটা সম্ভব। আমার হাতে থাকা মাসের ৩০ দিনের মধ্যে কবে কোন পরিচালকের সাথে আমি কাজ করব এবং আমাকে যে চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে সেই চরিত্রে আমি উপযুক্ত কি না তা ঠিকমতো বুঝতে পারলেই খুব সহজেই সমন্বয় সাধন করা সম্ভব। তাই ভজঘটের কোনো সম্ভাবনা নেই।”

সাব্বির জানান, ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার প্রেক্ষাপটে নির্মিত ‘হরি জুপিয়া’ সিনেমাতে প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখা যাবে সাব্বির-বিথীকে।

সিনেমাটি নিয়ে সাব্বির গ্লিটজকে বলেন, “সিনেমাতে আমাদের জুটির কোনো নাম না থাকলেও গল্পের ধারাবাহিকতায় দর্শক নিজেকে সেই চরিত্রে খুঁজে পাবেন। সিনেমাটি বুদ্ধিজীবি হত্যাকান্ডের প্রেক্ষাপটে নির্মিত হলেও সেখানে শত বছর আগের সময়ের সঙ্গে যোগসূত্র খুঁজে পাবেন এ সিনেমাতে।”

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘হরি জুপিয়া’ ১৪ই ডিসেম্বর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সাব্বির।

এখন তিনি সুমন আনোয়ারের ধারাবাহিক নাটক ‘বিজলী’, সাজ্জাদ হোসেন দোদুলের ধারাবাহিক ‘সংঘাত’, বাবুলের ধারাবাহিক ‘দাহ’তে অভিনয় করছেন।

সাব্বির তার অভিনয় জীবন শুরু করেন নিজ জেলা মাগুরাতে। প্রথমে লায়ন কিং ও পরবর্তীতে অনন্যা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ঢাকায় এসে প্রাঙ্গনেমোর থিয়েটার দলের সদস্য হন। প্রাঙ্গনেমোরের হয়ে ‘শ্যামাপ্রেম’ এবং ‘লোক নায়ক’ নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে তারিক খানের পরিচালনায় ‘প্রেম সৈনিক’-এর মাধ্যমে টিভি নাটকে যাত্রা শুরু।   তার অভিনীত নাটকগুলোর মধ্যে সুমন আনোয়ারের ‘তার মনে শংশয়’,  ‘মাল্যদান’ ও ‘১৯৬৮ মায়া’, শিহাব শাহীনের ‘মনসুবা জংশন’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘সংঘাত’ , লুৎফুন নাহার মৌসুমীর ‘বড় বাড়ির ছোট বউ’ ও ‘১০০ মিটার’, গিয়াস উদ্দিন সেলিমের ‘রোদ’, আশরাফুল আলম রিপনের ‘মনে পড়ে রুবি রায়’ , রিয়াজুল ঋজুর ‘টস’ নাটকগুলো উল্লেখযোগ্য।