বিগ বির হারিয়ে যাওয়া ১০ সিনেমা
কারও কাছে তিনি 'অ্যাঙ্গরি ইয়াং ম্যান', কারও কাছে তিনি 'শেহেনশাহ'। ৪০ বছরের ক্যারিয়ারে অমিতাভ বচ্চনের অনেক সিনেমা ইতিহাস গড়েছে । আবার বেশ কিছু সিনেমা তলিয়ে গেছে বিস্মৃতির অতল গহ্বরে।
সওদাগর (১৯৭৩)
সুধেন্দু রয় নির্মিত ‘সওদাগর’ মুক্তি পায় ১৯৭৩ সালে। নরেন্দ্র নাথ মিত্রের 'রস' গল্পটি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে নুতনের বিপরীতে অমিতাভের অভিনয় প্রশংসার দাবী রাখে। একই বছর মুক্তি পায় ‘জাঞ্জির’। অ্যাকশনধর্মী এই সিনেমার সামনে ফিকে হয়ে যায় অজ পাড়া গাঁয়ের এক গুড় বিক্রেতার জীবনের কাহিনি। তবে সে বছর ভারতের পক্ষ থেকে অস্কারে যাওয়ার জন্য লড়েছিল ‘সওদাগর’।
পারওয়ানা (১৯৭১)
পাগলাটে এক প্রেমিকের চরিত্রে বিগ বিকে দেখা যায় সাইকোলজিক্যাল থ্রিলার ‘পারওয়ানা’তে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইয়োগিতা বালি। সিনেমাটি পরিচালনা করেন জ্যোতি স্বরূপ।
বান্ধে হাত (১৯৭৩)
ও পি রালহান পরিচালিত ‘বান্ধে হাত’ সিনেমায় অমিতাভ দ্বৈত চরিত্রে অভিনয় করেন। এক চোর এবং এক কবির ভূমিকায় দেখা যায় তাকে। ‘বান্ধে হাত’-এ প্রথমবারের মত অমিতাভ কাজ করেন অভিনেত্রী মুমতাজের সঙ্গে।
সানযোগ (১৯৭১)
এস এস বালান পরিচালিত ‘সানযোগ’ সিনেমাটির মূল কাহিনি গড়ে উঠেছে মালা সিনহাকে কেন্দ্র করে। এখানে মালার স্বামীর ভূমিকায় দেখা যায় অমিতাভকে। দক্ষিন ভারতীয় এই মেলোড্রামাটির সঙ্গীত দিয়েছিলেন আর ডি বর্মণ।
বেমিসাল (১৯৮২)
হৃষিকেশ মুখার্জির সঙ্গে অমিতাভের সম্পর্ক অনেক পুরনো। দুজন যখনই একসঙ্গে কাজ করেছেন তা সাফল্য পেয়েচে। কিন্তু ‘বেমিসাল’কে ধরা হয় তাদের সবচেয়ে অবহেলিত কাজ হিসেবে। পারিবারিক নাটকীয়তাপূর্ণ এই সিনেমায় অমিতাভের বিপরীতে অভিনয় করেছিলেন রাখি গুলজার।
ফারার (১৯৭৫)
জেল থেকে পালানো এক আসামির চরিত্রে এখানে দেখা যায় সিনিয়র বচ্চনকে, যিনি আশ্রয় নেন তার সাবেক প্রেমিকার বাড়িতে। পুলিশ স্বামীর চোখ বাঁচিয়ে প্রেমিককে সাহায্য করেন তিনি। ক্রাইম ড্রামা ‘ফারার’ বক্স-অফিসে ফ্লপ হয়।
আলাপ (১৯৭৭)
হৃষিকেশ মুখার্জির সঙ্গে অমিতাভের আরও একটি ব্যর্থ কাজ ছিল ‘আলাপ’। এতে অমিতাভের সঙ্গে অভিনয় করেন রেখা এবং ফরিদা জালাল।
ম্যায় আজাদ হু (১৯৮৯)
ফ্র্যাঙ্ক কাপরার ক্লাসিক মুভি ‘মিট জন ডো’র ভারতীয় রিমেইক ছিল ‘ম্যায় আজাদ হু’ যেটি নির্মাণ করেন টিনু আনন্দ। এতে অমিতাভের সঙ্গে দেখা যায় শাবানা আজমিকে। সিনেমাটির চিত্রনাট্য লেখেন জাভেদ আখতার।
মানজিল (১৯৭৯)
বসু চ্যাটার্জির সিনেমা ‘মানজিল’-এ একজন উচ্চাকাঙ্ক্ষী যুবকের ভূমিকায় দেখা যায় অমিতাভকে। মধ্যবিত্ত ঘরের যুবকটি ধনী পরিবারের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। অমিতাভের প্রেমিকার চরিত্রে সিনেমায় ছিলেন মৌসুমি চ্যাটার্জি।
নিশাব্দ (২০০৭)
ষাটোর্ধ্ব এক ব্যক্তি প্রেমে পড়েন মেয়ের বান্ধবীর। অসম এই প্রেমের কাহিনিতে অভিনয় করে বিতর্কের মুখে পড়তে হয় অমিতাভকে। বক্স-অফিসেও মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। সিনেমায় অমিতাভের প্রেমিকার চরিত্রে ছিলেন প্রয়াত অভিনেত্রী জিয়া খান।
