২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এখনই চলচ্চিত্রে আসার সময়'

মডেলিং, নাটকের পর এবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাইছেন মৌনিতা খান ঈশানা। এ সময়ের অনেক টিভি অভিনেত্রীর মতো তিনিও চলচ্চিত্রে নিজের ভাগ্য গড়তে চান। বলছেন, আটঘাট বেঁধেই চলচ্চিত্রে আসবেন আর অভিনয় করবেন মূলধারার সিনেমায়।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 04:42 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

পুরনো খবর:

আজকাল ঈশানা

সম্প্রতি গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় ঈশানা বলেন, “বাণিজ্যিক ধাঁচের সিনেমাতে অভিনয়ের প্রস্তাব প্রচুর এসেছে। এখনও আসছে। তখন মোটেই প্রস্তুত ছিলাম না, এখনও নই। মূলধারার সিনেমায় অভিনয়ের ব্যাপারে আমার আপত্তি ছিল। তবে সবকিছু বদলে গেছে। দারুণ সব সিনেমা নির্মিত হচ্ছে। আমি মনে করছি, এখনই চলচ্চিত্রে আসার সেরা সময়।”

চলচ্চিত্রের জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছেন ঈশানা, “হুট করেই চলচ্চিত্রে আসতে চাই না। প্রস্তুতির ব্যাপার আছে। সমসাময়িকদের পাশাপাশি সিনিয়র অভিনেত্রীদের কাজগুলো খুব মনযোগ দিয়ে দেখছি। চলচ্চিত্রাঙ্গনের হাওয়া বুঝতে চাইছি। যে ধরনের হোক না কেন, আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কাজ করতে চাই ভিন্নধারার সব চরিত্রেই। নিজের চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে এমন সিনেমাতেই অভিনয় করতে চাই।”

ঈশানা জানালেন, চলচ্চিত্রের প্রস্তুতির জন্য টিভি নাটকে অভিনয় চালিয়ে যাবেন। এখন তিনি অভিনয় করছেন ‘ক্ষণিকালয়’, ‘শুন্য থেকে শুরু’ ধারাবাহিকে। মঙ্গলবার থেকে মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। ধারাবাহিকটি প্রতি মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হয়।

নাটকে অভিনয় প্রসঙ্গে ঈশানা বলেন, “সিনেমাতে নিয়মিত হয়ে গেলেও আমি নাটকে অভিনয় ছেড়ে দেব না। টিভি নাটক আমাকে অভিনেত্রী বানিয়েছে।”

অভিনয়ের পাশাপাশি ঈশানা মডেলিংয়েও নিয়মিত। জানালেন, বেশ কয়েকটি নতুন বিজ্ঞাপনে ভিন্নরূপে দেখা যাবে তাকে।