২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হারিয়ে যেতে আসিনি'

ঢাকাই সিনেমায় নবাগতদের অনেক সময়ই পর্দা ভাগ করে নিতে হয় প্রতিষ্ঠিত নায়কদের সঙ্গে। কিন্তু নতুন মুখ আশিক চৌধুরী এ বিষয়ে সমঝোতা করবেন না। শুধু তাই নয়, তিনি চান সিনেমার গল্প তাকে ঘিরেই আবর্তিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 02:41 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

চলতি বছর জুনে জুলহাস চৌধুরী পরিচালিত ‘দুটি মনের পাগলামী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আশিকের।

সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমায় নবাগত নায়কদের বিভিন্ন পার্শ্ব-চরিত্রে দেখা যাচ্ছে। কম বাজেটের সেসব সিনেমায় প্রধান নায়ক হিসেবে থাকছেন শাকিব খান বা বাপ্পী চৌধুরী। তবে আশিক এ ধরনের সিনেমা এড়িয়েই চলতে চান। 

গ্লিটজের সঙ্গে এক আড্ডায় আশিক বলেন, “যেসব সিনেমায় আমার অভিনয়ের সুযোগ রয়েছে আমি কেবল সেই সিনেমাগুলোতেই অভিনয় করতে চাই। সব সময় গল্পের হিরোই হতে চাই। পার্শ্ব-চরিত্রে অভিনয় করতে চাই না আমি।”

“আমি পুরোমাত্রায় বাণিজ্যিক সিনেমায় কাজ করতে চাই। তথাকথিত আর্ট ফিল্মের হিরো হতে চাই না আমি। দেশের আপামর জনসাধারণ যেসব সিনেমা দেখে অভ্যস্ত, আমি সেসব সিনেমাতেই অভিনয় করতে চাই। আমি নায়ক আশিক হয়েই দর্শকের মধ্যে বেঁচে থাকতে চাই।”

মঞ্চ ও টিভি নাটকের পর চলচ্চিত্রে আসা আশিক মনে করছেন, ঢাকাই সিনেমায় এখন পরিবর্তনের হাওয়া বইছে। ঢাকাই সিনেমাতে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানে নতুন, পুরাতন সবার এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

“এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আবার মাঝে মাঝে দু-একটা খারাপ সিনেমাও হচ্ছে। তবে খারাপ যদি না থাকে তবে ভালো সিনেমার কদর কখনো হবে না। আর দর্শক সবসময় ভালোটাই গ্রহণ করবে এটাই স্বাভাবিক। তবে কাজের সময় একটু সময় নিয়ে ভালোমতো প্রস্তুতি নিয়ে কাজটা করা উচিৎ বলে আমি মনে করি। সবাই মিলে বাংলা সিনেমাকে বদলানোর মিশনটা এখন থেকেই শুরু করা উচিত।”

২০০৮ সালে জুনায়েত হালিমের সরকারি অনুদানের সিনেমা ‘স্বপ্ন ও দুঃপ্নের কাল’-এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে পা রাখেন আশিক। চলচ্চিত্রে থিতু হওয়ার স্বপ্ন বোনা আশিক কিছু দিন পর জানতে পারেন পরিচালক সিনেমাটি নির্মাণ করবেন না। ২০১০ সালে শেখ কামালের ‘পাটনি’ সিনেমাতেও অভিনয় করার কথা ছিল। কিন্তু সেই সিনেমাটির কাজও শেষ করা হয়নি বলে জানালেন তিনি।

বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে ‘অন্ধ বিশ্বাস', ‘লাঠিয়াল’,‘মায়ের দোয়া’,‘সুজন সখি’ ও ‘মরণের পরে'র মতো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চান আশিক।

আশিক বলেন, “আমার সবসময় মনে হয় আমরা তো এসব সিনেমা রিমেইক করলেই পারি। আমরা শুধু শুধুই তেলেগু, মারাঠি সিনেমার নকল করছি। বলিউডে তো প্রায়ই বিভিন্ন সিনেমার রিমেইক হচ্ছে, আমরাই কেবল আমাদের ভালো সিনেমাগুলো রিমেইক করা থেকে পিছিয়ে রয়েছি।”

আজিজুর রহমানের সরকারি অনুদানের সিনেমা ‘স্বর্গ থেকে নরক’ এবং ‘ভালোবেসে চলে যেও না’ নামে আরেকটি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আশিক। 

এছাড়া তার অভিনীত ‘হৃদয় দোলানো প্রেম’ ৫ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কবুল হোসেনের ‘আয়না সুন্দরী’ সিনেমাটি।

আশিক আরও বললেন সিনেমায় নিজের জায়গা পাকা করতে বদ্ধপরিকর তিনি, “সিনেমায় আমি হারিয়ে যেতে আসি নাই। অভিনেয়র মাধ্যমেই আমি দর্শক হৃদয়ে বেঁচে থাকতে চাই। এজন্য সকলের সহযোগিতার সঙ্গে সঙ্গে সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসাও প্রয়োজন।”

২০০৯ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা আশিক ৩০টির মতো নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।