নতুন রূপে আনুশকা
‘পিকে’ সিনেমায় আমির খানকে কেমন দেখাবে, তা একটু বেশিই দেখে ফেলেছেন দর্শকরা। নগ্ন আমির খানকে নিয়ে ডামাডোলে অনেকে হয়তো ভুলেই গিয়েছিলেন সিনেমায় আছেন আনুশকা শর্মাও। সেটা মনে করিয়ে দিতেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে আনুশকার একটি ছবি।
ছবিতে আনুশকাকে দেখা যাচ্ছে একদম অন্য রূপে। এতদিনের পরিচিত লম্বা চুলের আনুশকার বদলে দেখা যাচ্ছে একদম ছোট চুলের একটি মেয়েকে । ‘পিক্সি কাট’ হিসেবে পরিচিত এই চুলের স্টাইলের সঙ্গে আনুশকার পরনে ছিল একটি ফ্রেঞ্চ কোট এবং পায়ে সাদা রঙের পাম্প শু।
ছবিতে আনুশকাকে দেখা যাচ্ছে একটি বেঞ্চে বসে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে আলাপ করছেন। ‘আনুশকা লাভারস’ এবং ‘টিম আনুশকা’ দুই দল আনুশকাভক্ত প্রথম প্রকাশ করে ছবিটি। পরে আনুশকা নিজের অ্যাকাউন্ট থেকেও রিটুইট করেন পোস্টটি।
আনুশকার লম্বা চুলের ভক্ত যারা, তাদের অবশ্য ভয় পাওয়ার কিছু নেই ছবিটি দেখে। কারণ, ওই একই সময়ে ‘বোম্বে ভেলভেট’ সিনেমার জন্য শুটিং করছিলেন আনুশকা। কাজেই ‘পিকে’র জন্য পরচুলাই ব্যবহার করেছেন তিনি।
সিনেমায় আনুশকা, আমির এবং সঞ্জয় দত্তের পাশপাশি আরও অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ‘পিকে’ মুক্তি পাবে বড় দিনের মৌসুমে, ডিসেম্বরের ১৯ তারিখে।
