যুগে যুগে 'হ্যামলেট'
হিন্দি সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো রূপায়িত হয়েছে হ্যামলেটের চরিত্র। ভারতের কাশ্মিরের প্রেক্ষাপটে এ সময়ের হ্যামলেটের নতুন নাম হায়দার।আর এর মাধ্যমে গুটিকয় সেই সব অভিনেতাদের তালিকায় নাম লেখালেন শাহিদ কাপুর, যারা সেলুলয়েডে হ্যামলেটকে জীবন্ত করে তোলার সুযোগ পেয়েছেন।
১৯৪৮ সালে যুক্তরাজ্যে মুক্তি পায় ‘হ্যামলেট’। এতে রাজকুমার হ্যামলেটের ভূমিকায় অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা স্যার লরেন্স অলিভিয়ার। সাদা-কালো এই সিনেমাটি পরিচালনা করেছিলেন তিনি নিজেই। এমনকি রাজা হ্যামলেটের প্রেতাত্মার কণ্ঠও দিয়েছিলেন তিনি।
অলিভিয়ারের ‘হ্যামলেট’ আলোচিত হয় বিশেষ করে একটি কারণে। এই সিনেমায় হ্যামলেটের মা রানি গারট্রুডের চরিত্রে অভিনয় করেছিলেন ২৮ বছর বয়সী এইলিন হারলি। আর তার ছেলের চরিত্রে ছিলেন ৪১ বছর বয়সী অলিভিয়ার। সিনেমাটি প্রথম ব্রিটিশ সিনেমা হিসেবে সেরা চলচ্চিত্রের অস্কার জিতে নেয়।
১৯৯০ সালে ‘হ্যামলেট’ নির্মাণ করেন ইতালীয় পরিচালক ফ্র্যাঙ্কো জেফ্রিয়েলি। এতে নাম ভূমিকায় ছিলেন মেল গিবসন। হ্যামলেট চরিত্রে গিবসনের অভিনয় নব্বইয়ের দশকে বড় পর্দায় প্রদর্শিত সেরা অভিনয় নৈপুণ্যের একটি হিসেবে ধরা হয়। সিনেমায় রানি গারট্রুডের চরিত্রে ছিলেন গ্লেন ক্লোজ, আর হেলেনা বোনহ্যাম কার্টারকে দেখা গেছে ওফেলিয়ার চরিত্রে।
শেক্সপিয়রের হ্যামলেটকে মূল নাটকের হুবুহু অনুসরণে রূপালি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন আইরিশ নির্মাতা ব্রানাহ। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় রাজকুমার হ্যামলেটের চরিত্রে অভিনয়ও করেন তিনি। চার ঘণ্টার এই সিনেমায় ছিল শেক্সপিয়রের মূল নাটকের প্রতিটি সংলাপ অক্ষত অবস্থায় ব্যবহার করা হয়।
ড্যারেক জাকোবি থেকে শুরু করে কেট উইন্সলেট, রবিন উইলিয়ামস, জুলি ক্রিস্টি, রিফাস সিউয়েল, জেরার্ড ডুপারডিউয়ের মতো তারকারা এ সিনেমায় অভিনয় করেন।
পরিচালক মাইকেল আলমেরেদা হ্যামলেটকে বন্দী করেছেন আধুনিক নিউ ইয়র্ক শহরের ফ্রেমে। চলচ্চিত্রের শিক্ষার্থী হ্যামলেট যেখানে এক কর্পোরেশনের উত্তরাধিকারী। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হ্যামলেট’-এ কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় ইথান হককে।
‘হ্যামলেট’ চরিত্রে একজন নারী? বিষয়টি অস্বাভাবিক না হলেও খানিকটা ভিন্নতো বটেই। ১৯০০ সালে পাঁচ মিনিটের একটি শর্টফিল্মে হ্যামলেটের চরিত্রে অভিনয় করেন ফরাসি অভিনেত্রী সারাহ বার্নহার্ডট। পাঁচ মিনিটের এই পর্দা উপস্থিতির কারণে আজও তাকে ধরা হয় ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে।
‘হ্যামলেট’কে রূপালি পর্দায় প্রথম তিনিই এনেছিলেন। প্রথমবারের মত সেলুলয়েডে কেবল হ্যামলেটকেই দেখা যায় এই পাঁচ মিনিটের সিনেমায়। অবশ্য মঞ্চে এর আগেও হ্যামলেট সেজেছিলেন বার্নহার্ডট।
