ঈদে ছোট পর্দায় মুক্তি পাচ্ছে ‘টাইম মেশিন’
সায়মন জাহান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘টাইম মেশিন’ ঈদ-উল-আযহায় মুক্তি পাচ্ছে। তবে কোনো হলে নয়, ঈদের দিন ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে সিনেমাটির।
সায়মন গ্লিটজকে বলেন, “সময় স্বল্পতায় সিনেমাটি ঈদের সপ্তাহে কোনো হলে মুক্তি দিতে পারছি না। সময় এত কম পেয়েছি যে সবকিছু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি। তাই টিভিতেই প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছি।”
সিনেমার চার প্রধান শিশু চরিত্রে অভিনয় করেছে মধুমনি, আলভী, ইয়ামিন ও প্রার্থনা। এতে আলভী ও প্রার্থনা স্বনামে অভিনয় করছে। মধুমনি ও ইয়ামিন অভিনীত চরিত্র দুটির নাম বেবি ও সুজন। সিনেমাতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রত্না কবীর ও আইরিন সুলতানা।
এতে দেখা যাবে, বেবি, সুজন, আলভী ও প্রার্থনা স্কুলের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসে। তাদের গাইড হিসেবে আসে রত্না ও আইরিন। তারা জঙ্গলে এক আহত পর্যটককে উদ্ধার করে। কৃতজ্ঞতাস্বরূপ তিনি শিশুদের তার টাইম মেশিনটি উপহার দেন। এ টাইম মেশিনে চড়ে শিশুরা চলে যায় হারকিউলিস, ডাইনোসর ও টারজানের রাজত্বে। এক পর্যায়ে তারা চলে যায় একটি ভিনগ্রহে।
এই সিনেমাতে ভিনগ্রহবাসীর চরিত্রে অভিনয় করার কথা ছিল শাকিব খানের। কিন্তু শাকিব খান সময় দিতে পারেন নি। পরে পরিচালক সায়মন অ্যানিমেটেড এলিয়েন দেখানোর সিদ্ধান্ত নেন। অ্যানিমেশনের মাধ্যমে তিনি আরও উপস্থাপন করেছেন ডাইনোসর। এছাড়া টারজান এবং হারকিউলিস চরিত্রে অভিনয় করেছেন ড্যানি সিডাক ও সৌরভ সিডাক।
সায়মন জানিয়েছেন, ঈদের দুই সপ্তাহ পর সিনেমাটি হলে মুক্তি দেবেন।
