‘ঢাকায় থাকলে...মর্যাদা পেতেন’
রাজবাড়ী অঞ্চলের বিলুপ্তপ্রায় কিছু গানকে বাঁচিয়ে রাখতেই গবেষক ও শিল্পী ফকীর সুমন প্রকাশ করলেন অডিও অ্যালবাম ‘তানপুরাতে ঘুণ ধরেছে’।
শিল্পী সুমন গ্লিটজকে বলেন, “ষাট ও সত্তরের দশকে রাজবাড়ী অঞ্চলের নিভৃত গীতিকার ও সুরকারদের বিলুপ্তপ্রায় কিছু গান বাঁচিয়ে রাখতে একটি সংকলন প্রকাশে উদ্বুদ্ধ হয়েছি আমি।”
অ্যালবামটি রাজবাড়ী জেলার প্রয়াত সাধক গীতিকবি জামাল হাবীবের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন শিল্পী। অ্যালবামে তার লেখা দুটি গান রয়েছে।
সাধক কবি জামাল হাবীব রাজবাড়ী জেলার সাংস্কৃতিক সংগঠক হিসেবে বিশেষ পরিচিত ছিলেন। লোকসংগীতের বিভিন্ন শাখায় ব্যাপক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। মারফতি, মুর্শিদি, পল্লীগীতিসহ নানা শাখায় গান রচনা করেছেন।
বিটিভির তালিকাভুক্ত শিল্পী জামাল হাবীব আধুনিক ধারার গানও লিখেছেন।
জামাল হাবীবের লেখা গান এখনও অ্যালবাম আকারে বের হয়নি বলেই জানান সুমন।
সুমন আরও বলেন, “তিনি ঢাকায় থাকলে সংগীত পরিচালক আলম খান, আনোয়ার পারভেজ, খন্দকার নুরুল আলমদের মতো মর্যাদা পেতেন।”
‘তানপুরাতে ঘুণ ধরেছে’ অ্যালবামে গান রয়েছে ১২টি। অধিকাংশ গানের সুর করেছেন শিল্পী নিজেই। অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। অ্যালবামটি প্রকাশ করেছে দৃশ্যপট প্রযোজনা।
প্রয়াত সাধক গীতিকবি জামাল হাবীবের রচিত গান ছাড়াও সনেট কবি সূফী মোতাহার হোসেন, সংগীত পরিচালক নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, শরিফা বেগম, শামীমা আক্তার মুনমুন, কানিজ ফাতেমা, মুহম্মদ ইদ্রিস মিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য ড. আফসার আহমেদ গান লিখেছেন আ্যালবামের জন্য।
সুমন “ভবিষ্যতেও এ ধরনের ভিন্নধর্মী কাজ করার প্রত্যাশা” করেন। সে অনুযায়ী আরও একটি অ্যালবাম করার প্রস্তুতিও চলছে।
শিল্পী সুমন রাজবাড়ী জেলার এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা সমাজসেবক ও মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, মা প্রাক্তন শিক্ষিকা ও কবি শরীফা বেগম। ঢাকা সরকারি সংগীত কলেজ থেকে আইমিউজ ও বিমিউজ শেষে ছায়ানটের নজরুলসংগীত কোর্সে অংশগ্রহণ করেন। ভারতীয় সরকারের বৃত্তি পেয়ে তিনি কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, এমমিউজ ও সংগীতে ডক্টরেট ডিগ্রী পেয়েছেন তিনি।
বিষ্ণুপুর ঘরানার সংগীতাচার্য গুরু অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়ের কাছে দীর্ঘ ষোল বছর ধরে উচ্চাঙ্গ সংগীত চর্চা ও গবেষণা করছেন সুমন।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনে উচ্চাঙ্গসংগীত ও নজরুলসংগীত বিষয়ে এ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী সুমন। ঢাকার সরকারি সংগীত কলেজে উচ্চাঙ্গসংগীত বিষয়ে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। ‘ছায়ানট সংস্কৃতি ভবন’ ও ‘সৌরভ সংগীত নিকেতন’ (রাজবাড়ী)-এর সঙ্গেও জড়িত তিনি।
সম্প্রতি রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি ও ‘রাজবাড়ী জেলা স্কুল প্রাক্তনী-১৯৮৯’ থেকে সংগীত গবেষক হিসেবে স্মারক সম্মাননা লাভ করেছেন সুমন।
