২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষী 'শার্লক হোমস'

আর্থার কোনান ডয়েলের সৃষ্টি শার্লক হোমস উপন্যাসের পাতা থেকে পর্দায় এসেছেন বহুবারই। এবার ফ্রান্সে খুঁজে পাওয়া গেল শার্লক হোমসকে নিয়ে প্রায় ১০০ বছর পুরোনো নির্বাক সিনেমা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

বুধবার ফরাসি ফিল্ম আর্কাইভ সিনেমাতেক ফ্রঁসে জানিয়েছে, ১৯১৬ সালে নির্মিত একটি নির্বাক সিনেমার ফিল্ম খুঁজে পেয়েছেন তারা। 'শার্লক হোমস' শিরোনামের এই সিনেমায় গোয়েন্দা শার্লকের চরিত্রে অভিনয় করেন মার্কিন অভিনেতা উইলিয়াম গিলেত্তে, মঞ্চে শালর্ককে জীবন্ত করে তোলায় যার খ্যাতি ছিল।

এছাড়াও শার্লক হোমসের চিরচেনা বেশভূষাকে জনপ্রিয় করে তোলার বিষয়েও তার অবদান রয়েছে বলে ধারণা করা হয়। আজও দর্শকদের কাছে শালর্ক হোমস মানেই ডিয়ারস্টকার টুপি, আতশকাঁচ এবং ঠোঁটের কোণে পাইপ।

পুরো সিনেমাটির নাইট্রেটে সংরক্ষিত একটি ফিল্ম খুঁজে পাওয়া যায়। স্যান ফ্র্যান্সিসকো সাইলেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগে চলছে ফিল্মটিকে সেলুলয়েডে প্রদর্শনের উপযোগী করে তোলার কাজ।

আর্থার বেথলেট পরিচালিত ১৯১৬ সালের এই সিনেমাটিই ছিল গিলেত্তের করে যাওয়া সবশেষ এবং একমাত্র সিনেমা।

ঐতিহাসিক এই সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়া হবে সিনেমাতেক ফ্রঁসের ফেস্টিভ্যাল অফ ফিল্ম রিস্টোরেশনে। সেই সঙ্গে সিনেমাটি মুক্তি পাবে ইউরোপজুড়ে। এর পর পরই ২০১৫ সালের মে মাসে সিনেমাটি প্রদর্শিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকো সাইলেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে।