অস্তিত্বের স্বরূপ সন্ধানের গল্প ‘দেশ’
আকরাম খান। লন্ডনের উইম্বলডনে কোন এক গ্রীষ্মের দিনে যখন তিনি জন্মেছিলেন, তখনও তার ‘বাবার দেশ’-এর বয়স মোটে সাড়ে তিন।আকরাম খান যখন বেড়ে উঠছেন ব্রিটেনের জল-হাওয়ায় আর স্বপ্ন দেখছেন নৃত্যকলায় বিশ্বসেরা হওয়ার, তার ‘বাবার দেশ’ একটু একটু করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়ছে। ৪১ বছর বয়সী আকরাম খানের স্বপ্ন পূরণ হয়েছে। পুরো বিশ্বে সমকালীন নৃত্যশিল্পে প্রতিনিধিত্বকারী ব্রিটিশ তিনি। ঠিক এমন সময়ে আকরাম খান ফিরলেন তার শেকড়ে, তার ‘বাবার দেশ’-এ নিজের ‘দেশ’ নিয়ে।
আকরাম খানের এই শেকড়ে ফেরার গল্প কেবল তার একার নয়। এ যেন বাঙালির জাতিসত্ত্বাকেই টেনে হিঁচড়ে অন্তরের গভীরে নিয়ে যাওয়া। ঢাকার রাস্তার যান্ত্রিক কোলাহল থেকে শুরু করে বনবিবির গল্প বলা সুন্দরবনের উত্তাল ঢেউয়ে, দেশের মাটি থেকে অনেক দূরের শহরে হারিয়ে ফেলা আত্মপরিচয়ের খোঁজে বারবার ফিরে আসায় - আকরাম যেন তুলে আনলেন এদেশের আত্মাকেই! আশি মিনিটের দেহজ কাব্যে এতটাই মগ্ন করেছেন যে গলার ভেতরে জমে থাকা কান্নার দমক সামলে চোখ পুরোটা সময় একাগ্রচিত্তে অনুসরণ করতে বাধ্য হয় আকরামের প্রতিটি পদক্ষেপ।
কখনও উড়ন্ত, কখনও শায়িত, কখনও স্রেফ যেন শূ্ন্য থেকে ভেসে আকরাম একাই বলে গেলেন তার শেকড় আবিষ্কারের গল্প। সেই সঙ্গে আমাদের খুব চেনা, তারপরও অনন্য সব গানের সুর, মঞ্চের গণ্ডী না পেরিয়েও সবাইকে অন্য এক জগতে নিয়ে যাওয়া অনিন্দ্য সুন্দর ভিস্যুয়াল-ইফেক্ট - সবমিলিয়েই বিশ্ব মানের এই পরিবেশনায় আকরাম দেখালেন তার ‘দেশ’কে। এটিই যে আকরামের ক্যারিয়ারের সেরা পরিবেশনা- বিশ্ব তা স্বীকার করে নিয়েছে আগেই।
এরপরই তাকে দেখা গেল ঢাকার রাস্তায় নিক্ষিপ্ত হয়ে তার পূর্বজের গল্প শোনাতে। কত্থক নৃত্যে প্রশিক্ষীত আকরামের নিম্নাঙ্গ আর উর্ধাঙ্গের তালের সঙ্গে রিকশার টুংটাং, ট্রাকের হর্ন, নাগরিক কোলাহল- সব মিলেমিশে একাকার।
এর মধ্যেই সরে গেল পেছনের পর্দা। মঞ্চের একদিকে রাখা একটি ‘অ্যানসারিং মেশিন’ -এর সামনে দাঁড়িয়ে আকরাম তখন ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার আইফোনে আসা ‘ভয়েস মেসেজ’ উদ্ধারের। এবারও বিফল আকরাম, দেশের বার্তা কোনোভাবেই উদ্ধার করা হলো না তার।
এই পর্বেই পুরোটা সময় ঘাড় ঝুঁকিয়ে রেখে, হাত আর মাথা দিয়েই আকরামের অসাধারণ পরিবেশনার কথা অনেকদিন মনে রাখবে ঢাকার দর্শক। নিজের টেকো মাথার সুবিধা চাতুর্যে্যর সঙ্গেই কাজে লাগাতে পেরেছেন আকরাম। সমকালীন নৃত্যের গল্পকথনে সমান্তরালভাবে যে ‘পতন এবং উত্থান’-এর সূত্র মেনে চলা হয়- সেটার শুরুও যেন এখান থেকেই। নিসঃন্দেহেই এটি ছিল পুরো পরিবেশনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
আকরাম নিজেও পরে বলেছেন, কেবল এই দৃশ্যটিকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে এই অভিনব পদ্ধতিটি কাজে লাগিয়েছেন তিনি। তার ভাষ্যে, “প্রথমে চিন্তা করেছিলাম এখানে পুতুল নাচের সাহায্য নেওয়ার। কিন্তু এটা তো নতুন কিছু নয়, সবাই এটা আগে করেছে। তখন আমার মনে হল, আমার টাক মাথার গঠনটাকে কাজে লাগিয়ে দুটো চোখ আর মুখ এঁকে দিই না কেন! সেটাই পরে দারুণভাবে কাজে লাগলো, আমার পরিবেশনার সময়।”
পর্দায় তখন আস্তে আস্তে ভেসে উঠছে অন্য এক জগৎ। উপকূলে আছড়ে পড়া লোনা পানির ঢেউ, বনের গহীনে গাছের সারি, রাতের জঙ্গলে নিশাচর প্রাণিদের চলাফেরা- আর তার মধ্যেই মধুর চাকের সন্ধানে ছুটে চলা এক ছোট্ট বালক। বাংলার প্রাচীন কিংবদন্তীই যেন জীবন্ত হয়ে উঠলো শ্যাডোগ্রাফি আর আকরামের নাচের অনন্য সম্মিলনে।
শ্যাডোগ্রাফির ওই অংশেই দেখা গেল নিজের দেশে বনের গাছ থেকে মধু নিয়ে খাওয়ার অপরাধেই শেষ অংশে ট্যাঙ্কের নিশানা হয়েছেন আকরাম। আকরামের মেয়ে ইশিতার ভাষ্যেই, “ঠিক যেন, বাংলাদেশকে পাকিস্তানের আক্রমণ করার গল্পের মতো!”
অস্তিত্বের দ্বন্দ্বে বারবার ভুগতে থাকা আকরামকে আস্তে আস্তে দেখা গেল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের মুখোমুখি হতে। নিজের দুনিয়ায় নিজের মতো করে নাচের চর্চা করতে থাকা আকরামই যেন এক লহমায় ফিরে গেলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের দিনগুলোতে। পেছনের পর্দায় ততক্ষণে ফুটে উঠেছে, নূর হোসেনের পিঠে লেখা সেই অমর স্লোগান, ‘গণতন্ত্র মুক্তি পাক’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বরূপ ধীরে ধীরে নাড়া দিতে শুরু করেছে দর্শকদের।
আকরামও যেন এরমধ্যেই খুঁজে পেলেন নিজের সত্যিকারের পরিচয়কে। যুদ্ধের আগ দিয়ে তার নিরুপায় বাবাকে রাঁধুনী করে নিয়ে যায় পাকিস্তানিরা। কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর হানাদারদের হয়ে কাজ করতে অস্বীকৃতি জানানো ছোটখাট লোকটিকে শেষমেশ বাকি জীবনের জন্য খোঁড়া করে দিয়ে গেল তারা। ৪৩ বছর আগে নিজের বাবার অতিক্রম করে আসা এই অধ্যায়ই যেন অবশেষে নিজের সত্যিকারের পরিচয়ের খোঁজ দিল আকরামকে। আকরাম আবিষ্কার করলেন, এই পরিচয়কে অস্বীকার করে এতকাল ছিলেন ‘জলে ভাসা পদ্মে’র মতোই। আর এই গানটিকেই পেছনে থেকে নামতে থাকা একরাশ ঢেউয়ের মধ্যে শূন্য থেকে ভাসতে ভাসতে এক অন্য মাত্রা দিলেন তিনি।
এ পর্যায়ে আকরাম খানের ‘দেশ’ হয়ে ওঠে ‘দেশ’। আকরামের ভাষ্যেই, “এটা আমার গল্প, আমার বাবার গল্প, আমার মেয়ের গল্প।” আশি মিনিটের এই নৃত্যনাট্য শেষে এই অনুভূতিই সার্বজনীন।
