২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের যৌথ প্রযোজনার ছবি নিয়ে গৌতম ঘোষ

‘পদ্মানদীর মাঝি’ এবং ‘মনের মানুষ’ - এর পর আবারও বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় পরিচালক গৌতম ঘোষ। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন প্রসেনজিৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 04:34 PM

Updated : 25 Apr 2022, 04:44 PM

এটি হতে যাচ্ছে প্রসেনজিৎ - এর প্রযোজনায় দ্বিতীয় সিনেমা। ২০১২ সালে তিনি  ‘বাপি বাড়ি যা’ সিনেমাটি প্রযোজনা করেন।

খবরটি গ্লিটজকে নিশ্চিত করেছেন সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা সংস্থা আশির্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান। তিনি জানিয়েছেন সিনেমাতে প্রযোজক হিসেবে আরও থাকছে ইমপ্রেস টেলিফিল্ম।

গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় হাবিবুর গ্লিটজকে বলেন, “সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। তবে অন্য চরিত্রে কারা থাকছেন তা এখনও চূড়ান্ত করা হয়নি।”

তিনি আরও জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই শুটিং শুরু করতে পারেন গৌতম ঘোষ। সিনেমাটি একইসঙ্গে ঢাকা ও পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

গৌতম ঘোষের ‘পদ্মানদীর মাঝি’ ও ‘মনের মানুষ’- সিনেমা দুটিই প্রযোজনা করেছে আশির্বাদ চলচ্চিত্র। ১৯৭২ সালে হৃতিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’সিনেমাটি প্রযোজনার মাধ্যমে যাত্রা শুরু করে সংস্থাটি। এরপর তারা ৩০টি চলচ্চিত্র প্রযোজনা করেছে। এগুলোর মধ্যে রয়েছে ‘মিন্টু আমার নাম’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘চুপি চুপি’, ‘চুড়িওয়ালা’, ‘ঘরজামাই’, ‘বড় ভালো লোক ছিল’, ‘প্রাণসজনী’ ইত্যাদি।