অর্পূব-ভাবনা ও 'রাজা রানীর খেলা'
প্রথমবারের মতো জুটি বাঁধলেন এ সময়ের দুই ব্যস্ত টিভি তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও আশনা হাবিব ভাবনা। মঈন আহমেদের চিত্রনাট্য ও কৌশিক শংকর দাসের পরিচালনায় ঈদের টেলিফিল্ম ‘রাজা রানীর খেলা’য় একসঙ্গে দেখা যাবে তাদের।
এই টেলিফিল্মের পর ছোট পর্দাকে বিদায় জানানোর কথা ভাবছেন অভিনেত্রী ভাবনা ।অনিমেষ আইচ পরিচালিত ‘জেদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি শুধু চলচ্চিত্রেই অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে অপূর্ব চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও বলছেন, নাটকই তার প্রথম ভালোবাসা। নাটকে অভিনয় চালিয়ে যাবেন তিনি।
রাজধানীর উত্তরায় ‘রাজা রানীর খেলা’র শুটিং চলছে। সেখানেই গ্লিটজের সঙ্গে কথা হয় দুই তারকার।
‘রাজা রানীর খেলা’ টেলিফিল্মে দেখা যাবে, একটি দাবা খেলাকে কেন্দ্র করে তিথি ও রাজের মধ্যে দ্বন্দ্বের শুরু। তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। তবে ঘরের আসবাবসহসহ মালামাল ভাগ করা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তখন তিথি ও রাজ সিদ্ধান্ত নেয় দাবা খেলার মধ্য দিয়েই সিদ্ধান্ত হবে।
টেলিফিল্মটি প্রসঙ্গে ভাবনা বললেন, “এই টেলিফিল্মের গল্পটা ও গল্পের চরিত্রটা এত সুন্দর যে আমার পক্ষে এমন একটা কাজ ফেরানো কোনো ভাবেই সম্ভব ছিল না। তাই শেষ কাজ হিসেবে এ টেলিফিল্মে অভিনয় করলাম। ঈদ উপলক্ষে এটাই আমার একমাত্র কাজ।”
প্রথমবারের মতো অপূর্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে বললেন, “এর আগে অনেকবার অপূর্বর সঙ্গে কাজ করার সুযোগ এসেছে। কিন্তু যেহেতু আমি সব সময়েই একটু বেছে কাজ করি তাই সেসব নাটকে কাজ করা হয়নি আমার। এবার অর্পূবের সঙ্গে অভিনয় করে সত্যি খুব ভালো লাগছে। আমার স্বামীর চরিত্রে অপূর্ব দারুণ অভিনয় করেছে। আমি মুগ্ধ।”
অপূর্বর মুখেও শোনা গেল ভাবনার প্রশংসা।
‘অভিনেত্রী হিসেবে ভাবনা সত্যিই দারুণ। খুব দ্রুত চরিত্রের সঙ্গে মিশে যায়। তিথি চরিত্রটি একটু ঝগড়াটে। ভাবনা এত স্বতঃর্স্ফুতভাবে অভিনয় করছে, আমি তো সত্যিই ভড়কে গেছি।”
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা অভিনয় জীবন শুরু করেন মাহফুজ আহমেদের ধারাবাহিক ‘আমাদের নুরুল হুদা'র মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন দীপংকর দীপনের ‘প্রতিদিন শনিবার’, অনিমেষ আইচের ‘বিহ্বল’, ‘নয়টার সংবাদ’, ‘বারো বারো বারো’, ‘মৃত্যু ও কম্পাস’, মাহমুদ দিদারের ‘রসলুন বাঈ’, ‘শশাঙ্কের শালুকলতা সার্কাস’, ‘রেড কার্পেট’, মারুফ মিঠুর ‘ঝালখোর’, তৌকির আহমেদের ‘কবিতার জন্য’সহ আরও অনেক নাটকে।
অপূর্ব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া।
