২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অনুপম রায়ের অ্যালবাম

পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়ের তৃতীয় একক অ্যালবাম ‘বাক্যবাগীশ’ প্রকাশিত হলো বাংলাদেশ থেকে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 07:10 PM

অ্যালবাম প্রসঙ্গে অনুপম রায় বলেন, “কলকাতার পাশাপাশি শুরু থেকেই বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে আসছি আমি। এ দেশের মানুষ আমার গান খুব পছন্দ করেন। অনেকে আমাকে অনুরোধও করেছিলেন বাংলাদেশ থেকে একটি অ্যালবাম বের করার। আমার নিজেরও ইচ্ছা ছিল। এবার সেটি হওয়ায় আমি খুব আনন্দিত! আশা করি এই অ্যালবামটি সবার ভালো লাগবে।”

অনুপম রায় আরও বলেন, “এই অ্যালবামের গানগুলো তৈরি করেছি নিজস্ব ঢংয়ে। গানের কথা, সুর, সংগীতায়োজন - সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করেছি।”

অ্যালবামটিতে মোট গান রয়েছে আটটি। বরাবরের মতো এবারও সব গানের কথা ও সুর অনুপমেরই। সংগীতায়োজন করেছেন ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর সদস্যরা।

গানগুলোর শিরোনাম ‘চাকা’, ‘যে সমাজে’, ‘বাবু রে’, ‘বাক্যবাগীশ’, ‘ঘরকুনো ঘাস’, ‘মাটির রঙ’, ‘দেশলাই বাক্স’ এবং ‘রাজপ্রাসাদের বন্দী’।

‘দূরবীনে চোখ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ নামে অনুপম রায়ের দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এর আগে। এছাড়া তিনি ২০১০ সাল থেকে টালিগঞ্জের সিনেমায় সংগীত পরিচালনা ও প্লেব্যাক করছেন নিয়মিত। তার গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘একবার বল’, ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ঈদ এবং পূজাকে সামনে রেখে ‘বাক্যবাগীশ’ অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। একইসঙ্গে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট।

জিরোনা বাংলাদেশের শাহান কবন্ধ জানান, বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে গানগুলো পাওয়া যাচ্ছে।

জিরোনা এন্টারটেইনমেন্টের কলকাতায় বাপ্পা মজুমদার ও মশিউর রহমান রিংকুর অ্যালবাম প্রকাশ করেছে ইতোমধ্যে।

কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরেক শিল্পী রূপঙ্করের অ্যালবামও প্রকাশ করবে জিরোনা বাংলাদেশ।