বড় পর্দায় ফিরছে পপাই
তিন দশকেরও বেশি সময় পর সেলুলয়েডে ফিরছে পালং শাক খেয়ে শক্তিশালী হয়ে যাওয়া সেই নাবিক। কার্টুন চরিত্র পপাই-দ্য সেইলরম্যানকে নিয়ে অ্যানিমেটেড সিনেমা বানাতে যাচ্ছে সনি পিকচার্স অ্যানিমেশন। সিনেমায় পপাইকে কেমন দেখাবে সে সম্পর্কে ধারণা দিতেই অনলাইনে তারা প্রকাশ করেছে একটি ভিডিও ক্লিপ।
‘পপাই অ্যানিমেশন টেস্ট’ নামের এক মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে পপাই, অলিভ অয়েল, ব্লুটো এবং ইউজিন দ্য জিপকে। অবশ্য পাইপ মুখে চেনা পপাইয়ের বদলে দেখা যাবে নতুন এক পপাইকে। পাইপ তো বটেই, পপাইয়ের দুই হাতের সেই ট্যাটুও ভিডিওতে অনুপস্থিত। তবে মূল কার্টুন সিরিজে পপাইয়ের যে সব মজার মজার কর্মকাণ্ড আনন্দ দিয়েছে দর্শকদের, সেগুলো সিনেমাতেও থাকছে বলেই আভাস পাওয়া গেছে ভিডিওটি থেকে।
পপাইকে নিয়ে এর আগেও একটি সিনেমা নির্মিত হয়েছে। ১৯৮০ সালের ‘পপাই’ নামের সিনেমাটিতে রক্তমাংসের পপাই-দ্য সেইলরম্যানেকই দেখেছেন সবাই। রবার্ট অল্টম্যানের পরিচালনায় ওই সিনেমার মাধ্যমেই অভিষেক ঘটেছিল প্রয়াত মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের।
এবারের সিনেমাটির পরিচালক ২০১৩ সালের অ্যানিমেটেড সিনেমা ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’ খ্যাত গেন্ডি টার্টাকোভস্কি। ক্লিপটির সঙ্গে টার্টাকোভস্কি নিজের একটি নাতিদীর্ঘ ভূমিকাও জুড়ে দিয়েছেন। সেখানেই তিনি বলেছেন, ছোটবেলায় পপাইয়ের কার্টুন দেখেই বড় হয়েছেন তিনি। অ্যানিমেশনে তার হাতেখড়ি হয় পপাই-এর নির্মাতাদের একজনের কাছ থেকেই। আর তাই, পপাইকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা তার অনেক দিনের।
সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালে। সে বছেই মুক্তি পাবে একই নির্মাতার ‘হোটেল ট্রান্সিলভেনিয়া টু’।
