২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেডি গাগা এলিয়েন?

মঞ্চে অদ্ভূতুড়ে পোশাক পরা এবং নিজের প্রকৃত চেহারা প্রকাশ না করার কারণে পপ তারকা লেডি গাগার ব্যাপারে শ্রোতাদের আগ্রহের কমতি নেই। এ সমস্ত কারণে প্রায়ই খবরের শিরোনামও হন তিনি।  'মেন ইন ব্ল্যাক’ সিরিজের তৃতীয় সিনেমায় ব্যাঙ্গ করে দেখানো হয়েছিল লেডি গাগা মানবরূপ ধারণ করে থাকা একজন ভিনগ্রহবাসী। কিন্তু এ কথাটিকেই সত্যি বলে মনে করেন যুক্তরাজ্যে বসবাসকারী প্রতি তিন জনের মধ্যে একজন। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 04:51 PM

Updated : 25 Apr 2022, 04:42 PM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, দুই হাজার ব্রিটিশ নাগরিকের মধ্যে চালানো এক জরিপে উঠে এসেছে এই তথ্য। ঐ জরিপে এটাও উঠে এসেছে যে ৬৮ শতাংশ ব্রিটিশই মনে করেন ভিনগ্রহবাসীদের অস্তিত্ব আছে। আর তাদের তিন ভাগের একভাগ মনে করেন লেডি গাগা একজন এলিয়েন। আর এদের মধ্যে ১৬ শতাংশ মনে করেন টম ক্রুজও একজন ভিনগ্রহের প্রাণী।

টম ক্রুজের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ১০ শতাংশ ব্রিটেনবাসী মনে করেন তিনি এই পৃথিবীর বাসিন্দা নন। ৪ শতাংশের ধারণা এই তালিকায় আছেন মাইলি সাইরাসও।

মার্কিন শিল্পী স্টেফানি জোয়ান অ্যানজেলিনা গারমানোতাকেই সবাই চেনেন লেডি গাগা নামে। ২০০৮ সালে প্রথম অ্যালবাম 'দ্য ফেইম' দিয়েই লাইম লাইটে চলে আসেন এই শিল্পী।ভিন্নধর্মী উপস্থাপনের মাধ্যমে পপ ঘরানার গানে পরিবর্তনের ঢেউ তুলেছেন লেডি গাগা। সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল শিল্পীদের মধ্যে একজন গাগা পাঁচটি গ্র্যামি ও ১৩টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন। তার পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে, 'পোকার ফেইস', 'ব্যাড রোমান্স', 'বর্ন দিস ওয়ে'।