২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ‘বেন-হার’

১১টি অস্কার জেতা হলিউডের এপিক সিনেমা ‘বেন-হার’ রিমেইক করবেন রাশিযান পরিচালক তিমুর বেকমামবেতভ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ব্রিটিশ অভিনেতা জ্যাক হিউস্টনকে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 07:08 PM

‘ওয়ান্টেড’, ‘আব্রাহাম লিঙ্কন: ভ্যাম্পায়ার হান্টার’-এর মতো থ্রিলার সিনেমার জন্য পরিচিত নির্মাতা তিমুর বেকমামবেতভ আবারও নির্মাণ করতে যাচ্ছেন ১৯৫৯ সালের ক্লাসিক সিনেমা ‘বেন-হার’। সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইহুদি রাজকুমার ‘বেন-হার’-এর রূপায়নে চুক্তিবদ্ধ হয়েছেন ‘আমেরিকান হাসল’ আর ‘কিল ইওর ডার্লিংস’ খ্যাত অভিনেতা হিউস্টন। সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালে।

১৭ শতকে প্রকাশিত ঐতিহাসিক প্রেক্ষাপটের উপন্যাস ‘বেন-হার: আ টেইল অফ দ্য ক্রাইস্ট’ থেকে এ পর্যন্ত  হলিউডে তৈরি হয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে উইলিয়াম ওয়াইলার পরিচালিত ১৯৫৯ সালের সিনেমাটিকেই মনে রেখেছে সবাই। সেই আমলে তৈরি হওয়া সবচেয়ে ব্যায়বহুল সিনেমা ছিল এটি। মেট্রো গোল্ডউইন মেয়ারের ব্যানারে নির্মিত সিনেমাটি সে বছরের অস্কারে ১২টি মনোনয়ন পায়। সেরা সিনেমা, সেরা পরিচালকসহ জিতে নেয় ১১টি পুরস্কার। কেন্দ্রীয় চরিত্রের রূপদানকারী চার্লটন হেস্টন জিতে নিয়েছিলেন সেরা অভিনেতার অস্কার।

প্রায় তিন দশক সবচেয়ে বেশি অস্কার জেতার রেকর্ড ছিল ‘বেন-হার’-এর দখলে। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ আর ২০০৩ সালে ‘লর্ড অফ দ্য রিংস: রিটার্ন অফ দ্য কিং’ ভাগ বসায় এই রেকর্ডে। তবে আমেরিকান ফিল্ম ইন্সিটিউটের সর্বকালের সেরা দশ ঐতিহাসিক সিনেমার তালিকায় ‘বেন-হার’ রয়েছে দ্বিতীয় স্থানে।