‘দিনে ১২-১৪ বোতল খাই’
ফরাসি অভিনেতা জেরার্ড ডুপারডিউ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন মদে আসক্ত তিনি। প্রতিদিন ১২ থেকে ১৪ বোতল মদ না খেলে তার চলে না।
“সকাল দশটার আগেই আমার দিন শুরু হয় শ্যাম্পেইন আর রে ওয়াইন দিয়ে। এরপর আবারও শ্যাম্পেইন। তারপর আধ বোতল পাস্তিস। এরপর আমি খাবার খাই, সঙ্গে দুই বোতল ওয়াইন। বিকেল পাঁচটায় শ্যাম্পেইন, বিয়ার আর বাকি আধা বোতল পাস্তিস। এরপর, ভদকা না হয় হুইস্কি।”
ফ্রান্সের জনপ্রিয় এই অভিনেতা নিজেই স্বীকার করেন, একবার মদ্যপান শুরু করলে থামতে পারেন না তিনি। এর জন্য বিমানবন্দরে এবং রাস্তায় অনেক দুর্ঘটনায়ও পড়তে হয়েছে তাকে। বর্তমানে তিনি প্যারিসের বাইরে বসবাস করছেন কর সংক্রান্ত জটিলতার কারণে।
ডুপারডিউ আরও বলেন, “একবার যখন আমি পান করতে শুরু করি, আমি অন্যদের মতো তা নিয়ন্ত্রণ করতে পারিনা। দিনে তাই ১২ থেকে ১৪ বোতল মদ সাবাড় করে ফেলি আমি।”
তবে এতো মদ্যপান করলেও মাতলামি করেন না বলেই দাবি করেছেন ডুপারডিউ। তার ভাষ্যে, “দশ মিনিটের ঘুম, আর এক চুমুক রোজ ওয়াইন আর ভায়োলা পান করলেই ডেইজি ফুলের মতো সজীব হয়ে যাই আমি।”
অতিরিক্ত মদ্যপানের কারণে শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়ায় এর মধ্যে একবার বাইপাস সার্জারিও করতে হয়েছে ডুপারডিউকে।
“যখনি আমার বিরক্ত লাগে, আমি মদ্যপান করি। এখন অবশ্য জোর করে মাঝে মাঝে নিজেকে থামাই। বাইপাস সার্জারির পর আমাকে এখন অনেক সাবধানে থাকতে হয়।”
তবে ৬৫ বছর বয়সী এই অভিনেতা বললেন, এখনও কর্মক্ষম তিনি। অভিনয়ের পাশপাশি বেশকিছু রেস্তোঁরা এবং মদের কারখানার মালিক ডুপারডিউ কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন পাহাড়ি ঝর্ণার পানি থেকে ‘বায়োলজিক্যাল ভদকা’ তৈরির।
“যাই হোক, এত সহজে মরছি না আমি। আমার ভেতরে এখনও প্রাণশক্তি আছে।”
