২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটপর্দার প্রেমিক, বড়পর্দার অ্যাকশন হিরো

শুরুটা বিজ্ঞাপন দিয়ে আর আজ  টেলিভিশন নাটকের ব্যস্ততম অভিনেতাদের একজন তিনি। আর এবার সেলুলয়েডে অভিষেক ঘটতে যাচ্ছে অপূর্বর। আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমাতে দেখা যাবে। ক্যারিয়ার নিয়ে নানা আলাপ করলেন গ্লিটজের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 04:06 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

গ্লিটজ:  ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হল। এ সিনেমাতে কী ধরনের চরিত্রে অভিনয় করছেন?

অপূর্ব:  এ সিনেমাতে দর্শক আমাকে একজন অ্যাকশন হিরো হিসেবে দেখবে। সিনেমায় তো সবাই রোমান্টিক হিরো হিসেবে অভিনয় করে, আমার ভালো লাগা অ্যাকশন ধাঁচের সিনেমা। আমিও ভাবলাম, অ্যাকশন ধাঁচের সিনেমাতে নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো যায়।  গল্পটিও মনের মতো ছিল। ব্যাটে-বলে মিলে গেল। 

আন্ডারওয়ার্ল্ডের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় দেখা যাবে একটি সাধারণ ছেলে ঘটনাচক্রে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মিশে যায়।  সমাজের নানা চাপে এক তরুণ তার স্বপ্ন হারিয়ে কিভাবে অন্ধকার জগতে পা বাড়ায়, আমার চরিত্রটির মাধ্যমে তা ফুটে উঠেছে। সিনেমার  অ্যাকশন দৃশ্যগুলোতে বেশ কিছু নতুনত্ব দেখবে দর্শক। অ্যাকশন দৃশ্যগুলো আমিই পরিচালনা করেছি।

গ্লিটজ: সিনেমার কাজ কতদূর এগিয়েছে?

অপূর্ব: সিনেমার শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ডাবিং ও মিউজিকের কাজ করাও শেষ।  সেন্সরে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে সিনেমাটি। তবে কবে মুক্তি পাবে তা  পরিচালক ও প্রযোজকই ভালো জানেন।

গ্লিটজ: টিভি নাটকের অনেক সফল অভিনেতাই সিনেমাতে থিতু হতে পারছেন না। চলচ্চিত্রাঙ্গনের সিনিয়র নির্মাতাদের অনেকেই ছোটপর্দা থেকে আসা অভিনেতাদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। এ মুহূর্তে সিনেমাতে অভিনয় একটু ঝুঁকির হয়ে গেল না?

অপূর্ব: জীবনে ঝুকি নেওয়ার বিষয়টি সব সময়ই থাকবে। তবে এক্ষেত্রে বিষয়টি আসলে তেমন নয়।  আমার কখনোই কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে করা হয়ে উঠে না। ‘গ্যাংস্টার রির্টানস’- এর মতো একটা সিনেমা করার সিদ্ধান্ত হঠাৎ করেই নিয়েছিলাম।  সাধারণত আমরা যেসব সিনেমা দেখি সেগুলো থেকে এ সিনেমাটির গল্প সম্পূর্ন আলাদা।

টেলিভিশনে অভিনয়, সম্মান পাওয়া, জনপ্রিয়তা পাওয়া - যেটাই বলি না কেন সবকিছু মিলিয়েই আমি আমার অবস্থান নিয়ে এতটাই খুশি যে আমাকে সিনেমা করতে হবে তেমন ধরনের প্রবল ইচ্ছা কখনও ছিল না।

এই সিনেমার পর বেশকিছু সিনেমার অফার পেয়েছি। তবে এখনই অন্য কোনো সিনেমাতে অভিনয় করছি না। প্রথম সিনেমাটি মুক্তি পাক। দেখি, কেমন ব্যবসা করে। দর্শক সিনেমাতে আমাকে কিভাবে নিল সেটাও মুখ্য বিষয়।

গ্লিটজ:  যদি সফলতা না আসে....

অপূর্ব: যদি আমি দেখি সিনেমায় আমার ভবিষ্যৎ খারাপ তাহলে আমি নাটকের জগতেই ফিরে আসব। সিনেমাতে  সফলতা না পেলে লোকে বলবে ‘দেখো, নাটকের অভিনেতারা আসলে সিনেমাতে টিকতে পারে না’। মানুষকে এমন মন্তব্য করার সুযোগ আমি দেব না।

গ্লিটজ: তাহলে  নাটকেই থাকছেন?

অপূর্ব: আমি সবসময় বলি, ছোট পর্দা হলো আমার পরিবার। দর্শক আমাকে টিভি নাটকের মাধ্যমেই চিনেছে। অপূর্বকে ‘অভিনেতা অপূর্ব’ বানিয়েছে ড্রইংরুমের দর্শক।

গ্লিটজ: সিনেমার ক্ষেত্রে হাওয়া বদল কেমন দেখছেন?

অপূর্ব:  চলচ্চিত্রে অনেক ভালো নির্মাতা আসছেন। তারা ভালো কিছু করার চেষ্টা করছেন, নতুনত্ব আনতে চাইছেন। বেশ কয়েক জন নতুন অভিনেতা-অভিনেত্রী এসেছেন।  সবাই মিলে চলচ্চিত্রকে বদলে দেওয়ার চেষ্টা করছেন।  পরিবর্তনের একটা হাওয়া লেগেছে। বাংলা চলচ্চিত্র নিয়ে আমরা আশায় বুক বাঁধতেই পারি।

গ্লিটজ: নাটকের প্রসঙ্গে  আসি। আপনার অভিনীত চরিত্রগুলোর মধ্যে নিজের প্রিয় চরিত্র কোনগুলো?

অপূর্ব: শিহাব শাহীন পরিচালিত ‘রমিজের আয়না’-এর ‘আনোয়ার’ এবং ‘এক্স ফ্যাক্টর’ -এর মঈন চরিত্র দুটোর কথা বিশেষভাবে বলব। মঈন চরিত্রটি প্লেবয় টাইপের চরিত্র। সাইফুল ইসলাম মান্নুর ‘লাভ পন্ডিত’, রাসেল শিকদারের ‘মিস্টার ব্রেকআপ’ নাটকগুলোর কথাও বলতে হবে।

গ্লিটজ: আট বছর হয়ে গেল টিভিনাটকে কাজ করছেন। সিনিয়রদের পাশাপাশি তরুণদের সঙ্গেও কাজ করছেন। তরুণ পরিচালকদের কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?

অপূর্ব: নতুনরা বেশ ভালো করছে। ওদের মধ্যে মেধার কমতি নেই। সমস্যা হল, নাটক নির্মাণ করতে এসে ওরা ভালো বাজেট পাচ্ছে না।  তাই বলে বসে থাকছে না ওরা। গাঁটের টাকা খরচ করেই ভালো কিছু করার চেষ্টা করছে। ওদের এই চেষ্টাকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের সহযোগিতা পেলে ওরা বেশ ভালো করবে বলে আমার মনে হয়।

গ্লিটজ: বিজ্ঞাপন দিয়ে শুরু করেছিলেন। এখন বিজ্ঞাপনে নিয়মিত নন কেন?

অপূর্ব: মনের মতো চিত্রনাট্য পাচ্ছি না। পাশাপাশি কাঙ্ক্ষিত পারিশ্রমিকও পাচ্ছি না। বর্তমানে বিজ্ঞাপনের বাজেটও আগের তুলনায় অনেক কমে গেছে। অনেক পণ্যের নাম শুনেই সেগুলো বাতিল করেছি। 

গ্লিটজ: ঈদ উপলক্ষে এ পর্যন্ত কতগুলো নাটকে কাজ করলেন?

অপূর্ব: ঈদুল আযহা উপলক্ষে প্রচুর নাটকের কাজ করা হয়েছে। সানি চৌধুরীর পরিচালনায় ‘আন্ডারগ্রাউন্ড’, সাগর জাহানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বিহ্বল দিশেহারা’, শিশিরের চিত্রনাট্যে ও শাখাওয়াত মানিকের পরিচালনায় ‘অসমাপ্ত ত্রিভুজ’, যেখানে আমি ও সাদিয়া ইসলাম মৌ অভিনয় করেছি। এছাড়া কৌশিক শংকর দাসের একটি টেলিফিল্মে অভিনয়ের কথা রয়েছে।

আসলে কোনটা খণ্ড নাটক আর কোনটা টেলিফিল্ম তা বোঝা যায় না। এখন ৬০ মিনিটের নাটক টেলিফিল্ম বলে চালানো হয়।  শুটিংয়ের সময় বুঝতে পারি যে, দৃশ্যগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। কোনটি খণ্ড নাটক আর কোনটি টেলিফিল্ম - তাই তো বুঝে উঠতে পারি না। ব্যাপারটা পুরোই পরিচালকদের খেয়াল।

গ্লিটজ: অভিনয়ের জায়গা থেকে আগামীতে নিজেকে কোথায় দেখতে চান?

অপূর্ব: আমি যেই অবস্থানে আছি আমি সেই অবস্থানেই থাকতে চাই। আমি আমার অবস্থান নিয়ে অনেক বেশি আনন্দিত। আমার জীবনে চাওয়া পরিমানটা খুবই কম। আমি খুবই অল্পতে সন্তুষ্ট হওয়ার মতো একজন ছেলে।