২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধী যখন রক্ষাকর্তা 

ক্যাপ্টেন আমেরিকা কেন সবসময় গম্ভীর? চণ্ডমূর্তী উলভারিনের ভয়ে তটস্থ কেন সবাই ? ডার্ক নাইট ব্যাটম্যানের চেহারায় সদাই দুঃখের ছায়া আর দায়িত্বের ভারে নত 'ম্যান অফ স্টিল’-এর সুপারম্যান দুশ্চিন্তায় কাতর।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 02:00 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

সুপারহিরো সিনেমা মানেই ভুরু কুঁচকে থাকা পৃথিবীর রক্ষাকর্তাদের সংগ্রাম আর সাধনা। সবকিছু দেখে শুনে খলনায়ক জোকারের মতো মনে প্রশ্ন এসেই যায়, ‘হোয়াই সো সিরিয়াস?’ 

এখানেই আলাদা 'গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’। মার্ভেলের সবশেষ এই সিনেমার সুপারহিরোরা আদপে সকলেই খলচরিত্র। চুরি, অপহরণ, ছিনতাই, লড়াই- এমন সব অপকর্মে সিদ্ধহস্ত পাঁচ জগতের পাঁচ কিম্ভুত কিমাকার প্রাণীই হাতে তুলে নেয় মহাবিশ্বকে বাঁচানোর ভার।

বড় ঝুঁকি নিয়েও বাজিমাৎ

পরিচালকের আসনে বরাবরই আনকোরা নির্দেশকদের বসিয়ে হিট ছবি বানানোর ব্যাপারে জুড়ি নেই মার্ভেলের। সেই ধারাবাহিকতায় এবার প্রায় অখ্যাত এক নির্মাতা জেমস গানের অন্তর্ভুক্তিটা চমক ছিল না মোটেই। কিন্তু মোটে ছয় বছর আগে প্রকাশিত অনেকটাই অপরিচিত কমিক সিরিজ ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ থেকে আস্ত একটা সিনেমা নামিয়ে ফেলা? মার্ভেলের পক্ষে এটা এক সাহসী পদক্ষেপই বটে।

চমক আছে আরও। সিনেমার মূল অভিনেতাদের কেউই খুব বড় কোনো তারকা নন। কেন্দ্রীয় চরিত্র পিটার কুইলের রূপদানকারী ক্রিস প্যাট হলিউডি সিনেমায় প্রায় নতুন মুখই বলা চলে। ডেভ বাতিস্তাও চেনা নন। জোয়ি সালডানাই একমাত্র তারকা। ব্র্যাডলি কুপার আর ভিন ডিজেল ছিলেন বটে, কিন্তু সেটাও কাল্পনিক দুই জেনেটিক হিউম্যানয়েড চরিত্র রকেট আর গ্রুটের কণ্ঠ হিসেবে।

সব ক্ষেত্রেই তাই নতুনদের নিয়ে কাজ করায় একটা ঝুঁকিই নিয়ে ফেলেছিল মার্ভেল। কিন্তু বরাবরের মতোই বাজিতে ঠিকই জিতে গেছে তারা; ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’কে বলা হচ্ছে মার্ভেলের ইতিহাসে অন্যতম সেরা সিনেমা।

সিচুয়েশনাল কমেডিতে জমজমাট চিত্রনাট্য

কেন এত হিট হলো ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’? কেন এই সিনেমার আইএমডিবি রেটিং ৮.৬? রটেন টমেটোজই বা কেন একে রায় দিচ্ছে ৯২% ফ্রেশ হিসেবে? রহস্যটা কী?

রহস্য আর কিছুই নয়, এর রসালো চিত্রনাট্য, যার পরতে পরতে ছিল সিচুয়েশনাল কমেডির যথাযথ ব্যাবহার। সেই সঙ্গে অসাধারণ সব সংলাপ, পুরো সিনেমাকেই যেটা উপভোগ্য করে তুলেছে।

সিনেমার মূল চরিত্র পাঁচজন। এদের সবাই পাঁচ ভিন্ন প্রজাতির মহাজাগতিক প্রাণী। এদের মধ্যে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর ফসল এক কথা-বলা র‍্য্যাকুন; নানা ধরনের যুদ্ধাস্ত্র চুরি অথবা তৈরিতে যে সিদ্ধহস্ত। তার সঙ্গী গাছের মতো দেখতে এক হিউম্যানয়েড। গ্রুট নামের এই চরিত্রটিকে সঙ্গে নিয়েই রকেট নামের র‍্য্যাকুনটি মহাকাশে ঘুরে বেড়ায় বাউন্টি হান্টার হিসেবে। আরেকটি চরিত্র ড্রাক্স- দ্য ডেস্ট্রয়ার। সিনেমার খলনায়ক রোনানের হাতে মৃত্যু হয় তার পরিবারের, তখন থেকেই প্রতিশোধের আগুন বুকে নিয়ে ফিরছে সে। এই রোনানের অনুচর হিসেবে প্রথমে দেখা যায় গামোরাকে। কিন্তু সে জীবনকে পেছনে ফেলতে চায় সে। রোনানের হাত থেকে মহাবিশ্বকে বাঁচানোর তাগিদটা মূলত আসে তার কাছ থেকেই। আর এই দলের একমাত্র মানব সদস্য পিটার কুইল। কুইলের মা ছোটবেলায় ক্যান্সারে মারা যাওয়ার পর মহাকাশের এক দস্যুজাহাজ ধরে নিয়ে যায় তাকে। ধূর্ত এক ঠগ হিসেবেই তার বেড়ে ওঠা। 

এই পাঁচ অপরাধী ঘটনাচক্রে বন্দী হয় একই কারাগারে। আর সেখান থেকে পালানোর পরিকল্পনা করতে গিয়েই বন্ধুত্বের শুরু হয় তাদের মধ্যে। এর মধ্যেই তারা জানতে পারে নোভা গ্যালাক্সিকে ধ্বংস করে দেওয়ার রোনানের পরিকল্পনা। তখন লাখো মানুষের প্রাণ বাঁচানেরা অভিযানে নেমে পড়ে তারা। 

গল্পটি সাদামাটা এবং গতানুগতিক। কিন্তু এর পরতে পরতে অননুমেয় হাস্যরসের অবতারণা হয়েছে প্রাণবন্ত সংলাপ এবং স্যাটায়ারিকাল পরিস্থিতি তৈরির মাধ্যমে। সিনেমার অন্যতম চরিত্র গ্রুটের একটিই মোটে সংলাপ- ‘আই অ্যাম গ্রুট’।  এই একটি সংলাপই কতবার কতভাবে যে বলে গেল গ্রুট, সেটা বলে শেষ করা যাবেনা। কিন্তু এই একটি সংলাপ সিনেমাজুড়ে কখনো দর্শককে দম ফাটানো হাসির খোরাক যুগিয়েছে, কখনো চোখে জল এনে দিয়েছে।

কথা বলা র‍্য্যাকুন রকেট মুখেই দেওয়া হয়েছে সবচেয়ে তীক্ষ ও বক্র রসাত্মক সংলাপগুলো। তাই মহাকাশ-দস্যুদের বিশাল জাহাজের সামনে নিজের ছোট্ট এক মহাকাশযান নিয়ে দাঁড়িয়ে ‘হ্যালো, ইউ ইডিয়টস’ বলে রকেট যখন হুঙ্কার দেয়, তখন হাসিতে ভরে উঠেছে সিনেমাহলের সবার মুখ।

এক্ষেত্রে অবশ্য বিশাল এক ধন্যবাদের দাবিদার ব্র্যাডলি কুপার। অস্কার মনোনয়ন পাওয়া এই অভিনেতার গুণেই এতো বেশি আগ্রাসী আর জীবন্ত মনে হয়েছে চরিত্রটিকে।

সেদিক থেকে কিছুটা হলেও হতাশ করেছে ‘ড্রাক্স- দ্য ডেস্ট্রয়ার’ চরিত্রটি। মূল কমিক বইয়ে এই চরিত্রটিকে দেখানো হয় গম্ভীর কিন্তু প্রতিশোধের নেশায় মত্ত এক চরিত্র হিসেবে। কিন্তু সিনেমার চরিত্রটি পুরোপুরি মাথামোটা এক প্রাণী যে নিজের উল্টোপাল্টা কাণ্ড দিয়ে বেকায়দায় ফেলে দেয় সবাইকেই। অভিনয়ের দিক থেকে অবশ্য খুব একটা হতাশ করেননি ডেভ বাতিস্তা। এই পেশাদার কুস্তিগীর কিছুটা হলেও পেরেছেন তার চরিত্রের কমিক দিকটি ফুটিয়ে তুলতে।

অভিনয়ের দিক থেকে অন্য দুজন, অর্থাৎ ক্রিস প্র্যাট আর জোয়ি সালডানাও মান রেখেছেন। ‘অ্যাভাটার’-এর পর আরও একবার ভিনগ্রহের প্রাণীর চরিত্রে সালডানাকে একই রকম মনে হতে পারে বলে আশঙ্কা ছিল তা কাটিয়ে উঠতে পেরেছেন এই অভিনেত্রী।  

পরিবেশবাদী সুপারহিরো 

‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’তে যে বিষয়টি আলাদাভাবে নজড় কেড়েছে, তা হলো সুপারহিরো হিসেবে একটি গাছকে দেখানো। এই বৃক্ষমানবের কারণেই  শেষ পযর্ন্ত বেঁচে যায় বাকিরা। ডালপালা ছড়িয়ে সবাইকে আগলে রেখে নিজেকে বিসর্জন দেওয়ার দৃশ্যটিতে গ্রুট যখন সবাইকে চমকে দিয়ে বলে উঠলো, “উই আর গ্রুট”, তখন সত্যি সত্যিই তৈরি হয় এক অসাধারণ আবেগঘন মুহূর্ত। এরকম আরও কয়েকটি দৃশ্য দিয়ে যেন মারভেল দর্শকদের কাছে পৌঁছে দিল সেই চিরন্তন সত্যিটাই- গাছদের কারণেই বেঁচে আছে পৃথিবী।

সুরের নস্টালজিয়া

সত্তর ও আশির দশকের পপ মিউজিকের যারা ভক্ত, তাদের জন্য ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ খুলে দেবে স্মৃতির ঝাঁপি।  সে সময়ের জনপ্রিয় পপ সিঙ্গলগুলোর মধ্যে অন্যতম ‘হুকড অন আ ফিলিং’ থেকে শুরু করে ‘স্পিরিট ইন দ্য স্কাই’, ‘মুনএইজ ডেড্রিম’, ‘এইন্ট নো মাউন্টেন হাই এনাফ’সহ বেশ কিছু গানের সুরে বাঁধা ছিল সিনেমার দৃশ্যগুলো। 

সবশেষ

গোমড়ামুখো আর রগচটা মহানায়কদের ভিড়ে ‘গার্ডিয়ান্স অফ দ্য গালাক্সি দিয়ে’ নিঃসন্দেহেই সিনেমাপ্রেমীদের রসনায় নতুন স্বাদ ছড়াবে। 'খারাপ কিছু’ আর 'ভালো কিছু’ করতে সমান পারদর্শী অন্যরকম এই গার্ডিয়ানদের সঙ্গে সিনেমাহলের ১২২ মিনিট অন্তত খারাপ কাটবে না এটুকু বলা যেতেই পারে।