বিনামূল্যে ইউটুর নতুন অ্যালবাম
পাঁচ বছর পর আইরিশ রক ব্যান্ড ইউটু প্রকাশ করছে তাদের নতুন অ্যালবাম ‘সংস অফ ইনোসেন্স’। এবারের অ্যালবামটি বিনামূল্যেই ছাড়ছে তারা। বিশ্বজুড়ে টেক জায়ান্ট অ্যাপলের আইটিউন্স-এ পঞ্চাশ কোটি ব্যাবহারকারী সরাসরিই শুনতে পারবেন নতুন এই অ্যালবামের গানগুলি।
ঘোষণাটি এসেছে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের কাছ থেকে। ক্যালিফোর্নিয়ায় আইফোন সিক্স আর অ্যাপল স্মার্টওয়াচ-এর উদ্বোধনী অনুষ্ঠানেই ঘোষণাটি দেন তিনি। উপস্থিত ছিলেন বোনোসহ ব্যান্ডের বর্তমান সদস্যরা।। অনুষ্ঠানে গানও পরিবেশন করেন তারা।
বোনো জানান, অ্যালবামটিতে থাকছে ১১টি নতুন গান। আরও বললেন সবকটি গান তৈরির অভিজ্ঞতা ছিল ‘পুরোপুরি অসাধারণ’।
“আমাদের সৃষ্ট সবচেয়ে ব্যাক্তিগত অ্যালবামটি ‘সেন্ড’ বাটন চাপলেই পৌছে যাবে অর্ধকোটি মানুষের কাছে!”
বোনোর আক্ষেপ, “গান লেখাটাও যদি, এরকমই সহজ কোনো প্রক্রিয়া হতো!”
বিবিসি বলছে, ইউটুর সবশেষ অ্যালবাম ‘নো লাইন অন দ্য হরাইজন’ মুক্তির সঙ্গে সঙ্গেই যুক্তরাজ্যের টপচার্টের শীর্ষস্থান দখল করে নিয়েছিল। বিশ্বব্যাপি বিক্রি হয়েছিল পঞ্চাশ লাখেরও বেশি কপি। এরপরও, বোনো আক্ষেপ করে দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, তিনি ভক্তদের এই প্রতিক্রিয়ায় সন্তুষ্ট নন। অ্যালবাম তৈরি করাকে সেসময় তিনি উল্লেখ করেছিলেন ‘বিলুপ্তপ্রায় প্রজাতি’র শিল্প হিসেবে।
চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল ইউটুর নতুন অ্যালবামের। কিন্তু আইটিউন্সে বিনামূল্যে নিজেদের গান প্রকাশের বিষয়টি তখনও আঁচ করতে পারেনি কেউই।
এর আগে বিয়ন্সে, প্রিন্স-এর মতো তারকারাও অবশ্য আইটিউন্সে ছেড়েছেন তাদের অ্যালবাম। জনপ্রিয় ব্রিটিশ রকব্যান্ড রেডিওহেডও ২০০৭ সালে অনলাইনে ‘প্রায় বিনামূল্যে’ ছেড়েছিল তাদের অ্যালবাম ‘রেইনবো’। তারপরও কোনো জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম এভাবে বিনামূল্যে ছাড়ার ঘটনা বিরলই বটে।
