২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাম-দিপিকার টক্কর

টক্করের শুরুটা ২০০৭ সাল থেকেই। ‘ওম শান্তি ওম’ আর ‘সাওয়ারিয়া’ দিয়ে সে বছর একইসঙ্গে সেলুলয়েডে অভিষেক ঘটেছিল হিন্দি সিনেমার বর্তমান প্রজন্মের দুই অভিনেত্রী দিপিকা পাড়ুকোন আর সোনাম কাপুরের।

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 05:08 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

‘ওম শান্তি ওম’ সুপাহিট আর ‘সাওয়ারিয়া’ ফ্লপ হওয়ায় সেবারের লড়াইয়ে জিতেছিলেন দিপিকাই। সাত বছর পর আবারও বক্স-অফিসে মুখোমুখি অবস্থানে দুই অভিনেত্রী। চলতি মাসে এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাচ্ছে তাদের অভিনীত দুই সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’ ও ‘খুবসুরাত’।

দুই অভিনেত্রীর ক্যারিয়ারই অবশ্য গত সাত বছরে বেশ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। শাহরুখ খানের বিপরীতে সুপারহিট সিনেমা দিয়ে শুরু। পরের সিনেমা ‘বাচনা অ্যায় হাসিনো’ও ব্যবসাসফল। কিন্তু এরপর ‘চাঁদনি চক টু চায়না’, ‘লাফাঙ্গে পারিন্দে’, ‘ব্রেক কে বাদ’, ‘আরাকশান’, ‘খেলে হাম জি জান সে’, ‘দেসি বয়েজ’ - দিপিকার ক্যারিয়ারে যেন ফ্লপের হিড়িক লেগেছিল। 

মাঝে অবশ্য ‘লাভ আজকাল’ আর ‘হাউজফুল’ - এ হিটের দেখা পেয়েছিলেন। তবে দিপিকার ক্যারিয়ারের মোড় ঘুরলো ২০১২ সালের শেষ ভাগে। ‘ককটেইল’-এ দারুণ অভিনয় দিয়ে মন জয় করলেন, বক্স-অফিসেও সাফল্য পেলেন।  তারপর ২০১৩ সালজুড়ে ‘রেইস টু’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘গোলিও কি রাসলিলা রামলিলা’ - পরপর চারটি ব্লকবাস্টার হিট দিয়ে তিনিই এখন বক্স অফিসের রানি।

ওদিকে সাত বছরে ১১ সিনেমায় অভিনয় করেও সোনামের ঝুলিতে হিটের সংখ্যা মোটে তিনটি। ২০১০ সালের ‘আই হেইট লাভ স্টোরিজ’-এর পর হিটের দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২০১৪ সাল পর্যন্ত। ওই বছর ‘ভাগ মিলখা ভাগ’ আর ‘রানঝানা’ দিয়ে প্রথমবারের মতো দেখা পেয়েছেন ব্লকবাস্টার হিটের।

সোনাম অবশ্য হিট-ফ্লপের হিসেব নিয়ে মাথা ঘামান কমই। বলিউড তো বটেই, বিশ্বজুড়েই তিনি পরিচিত ফ্যাশন আইকন হিসেবে। নিজের পরবর্তী সিনেমা ‘খুবসুরাত’-এও চিরাচরিত স্টাইলিশ উচ্ছ্বল তরুণী হিসেবেই দেখা যাবে তাকে। সিনেমাটি নিয়ে মাতামাতি হওয়ার কারণ অবশ্য অন্যখানে। আশির দশকে ঋষিকেশ মুখার্জির অনবদ্য সৃষ্টি ‘খুবসুরাত’-এর রিমেইক এটি। সিনেমাটিতে রেখা অভিনীত চরিত্রটিকেই আরেকবার ফুটিয়ে তুলবেন তিনি। সে কাজে অবশ্য সফল হবেন কতটুকু, সময়ই বলে দেবে তা।

ওদিকে, হোমি আদাজানিয়ার ইংরেজি সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’ এমন এক সিনেমা, যেটিতে অভিনয় করার সিদ্ধান্ত নিতে গিয়ে হয়তো সংশয়ে পড়ে যেতেন হিন্দি সিনেপাড়ার যে কোনো জনপ্রিয় নায়িকা। সেদিক থেকে নাসিরউদ্দিন শাহ, পঙ্কজ কাপুর আর ডিম্পল কাপাডিয়ার সঙ্গে পর্দা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়ে সাহসের পরিচয়ই দিয়েছেন দিপিকা। তবে, এই সাহসিকতা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে কতখানি তা জানতে সিনেমাটি মুক্তি পাওয়া পযর্ন্ত অপেক্ষা করতে হবে।