২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন মুলুকের সংগীত ঢাকায়

সংগীত দেশ-কাল-ভাষার সীমায় বাধা পড়ে না। আর তাই পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া সৌল ঘরানার সংগীতের জাদুতে মাতোয়ারা হলেন আজকের ঢাকার শ্রোতারা। সোমবার সন্ধ্যায় দ্বিতীয় বার্ষিক সৌল উৎসব আয়োজিত হয়। উৎসবের প্রধান আকর্ষণ ছিল ভারতীয় জ্যাজ-রক ব্যান্ড বোধিস্বত্ব ট্রায়ো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 04:01 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

কনসার্টে আরও পারফর্ম করেছে মেহেদী, ইমরান ও দল, দ্য নিউ সোনার বাংলা সার্কাস, ফোরটি টু অ্যান্ড ব্লুজম্যান, আর্বোভাইরাস।

কনসার্টের শেষ অংশে ছিল পান্ডুর সঙ্গে সবার জ্যামিং সেশন।

আয়োজকদের পক্ষ থেকে আর্বোভাইরাস ব্যান্ডের ড্রামার নাফিজ গ্লিটজকে জানান, “নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করে করা হয়নি এ উৎসব। কিছু দিন ধরে আমরা ভাবছিলাম কবে করা যায়। এর মধ্যে ‘বোধিস্বত্ব ট্রায়ো’ ঢাকায় আসার খবর শুনলাম। তাই ভাবলাম এখনই নয় কেন।”

নাফিজ আরও জানান, নানা ধরনের সংগীত শোনার জন্যই এই আয়োজন।

তিনি আরও বলেন, “লক্ষ্য করলে দেখবেন আজকের উৎসব একেক জন একেক ধারার মিউজিশিয়ান।”

কনসার্টের হেডলাইনার বলা চলে মার্কিন ব্লুজ শিল্পী পান্ডুকে। কিংবদন্তী সেতারবাদক রবী শংকরের শিষ্যত্ব গ্রহণের সুযোগ পেয়েছিলেন একটা সময়। অনেকদিন ধরেই ঢাকায় বসবাস করছেন। তিনি বাংলার বাউল গান নিয়ে গবেষণা করছেন।

Image
‘দ্য সেকেন্ড অ্যানুয়াল সৌল ফেস্ট’ ২০১৪ শীর্ষক কনসার্ট, ৮ অগাস্ট ২০১৪। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘দ্য সেকেন্ড অ্যানুয়াল সৌল ফেস্ট’ ২০১৪ শীর্ষক কনসার্ট, ৮ অগাস্ট ২০১৪। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কনসার্টের মূল আকর্ষন ছিল বোধিস্বত্ব ট্রায়ো। কলকাতাভিত্তিক ব্যান্ডটির তিন সদস্য বোধিস্বত্ত্ব ঘোষ, প্রেমজিত দত্ত ও বিজিত ভট্টাচার্য। গিটার, বেইজ ও ড্রামসের সমন্বয়ে এক্সিপেরিমেন্টাল জ্যাজ-রক সংগীতে তাদের দক্ষতা।

দ্য নিউ সোনার বাংলা সার্কাসের সঙ্গে গাইতে ও বাজাতে দেখা গেলো প্রবার রিপনকে।

কনসার্টে দেশি-বিদেশি দর্শকরা মধ্যরাত পর্যন্ত বনানীর ফ্লোর সিক্স রেস্তোরাঁ মাতিয়ে রাখে। রাত নয়টার দিকে দেখা যায় তরুণ সংগীতজ্ঞ শায়ান চৌধুরী অর্ণবকে। বন্ধুদের সঙ্গে এসেছিলেন দৃক ব্যান্ডের ভোকালিস্ট জামান সাইফও।