অভিনয় যার রক্তে
রাজনীতিবিদ আকবর আহমেদ ভোটে দাঁড়িয়েছেন। নির্বাচনী প্রচারণা চলছে। হঠাৎ উধাও হলেন তিনি। অন্যদিকে বাবু এক ভ্যানচালক। স্কুলের ছেলে-মেয়েদের স্কুলে আনা-নেওয়া করাই তার কাজ। কিন্তু এই সাদামাটা বাবুরই আছে অন্য আরেকটা দিক। গল্পটি ‘উধাও’ চলচ্চিত্রের। সিনেমায় বাবু চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী, অভিনয় যিনি পেয়েছেন উত্তরাধিকার হিসেবে।
দাদা ওয়াহেদ আলী যাত্রাপালার অভিনেতা ছিলেন। বাবা শওকত আলী থিয়েটার করতেন। বাবার অভিনয় দেখার পরই অভিনেতা হওয়ার পোকা ঢুকে গেল মাথায়।
“প্রথমবার শুধু বাবার অভিনয় দেখতেই গাইড হাউস গিয়েছিলাম। এরপর থেকে অবশ্য নিজের আগ্রহেই যাওয়া হতো। আর অভিনয়ের শখ চাপে প্রখম দিনই।”
দাদার অভিনয় দেখার সুযোগ না হলেও দাদীর মুখে তার গল্প শুনতে শুনতেই বড় হয়েছেন।
এহেন পরিবারের সন্তান হয়েও অভিনয় করায় উৎসাহ মেলেনি পরিবারের তরফ থেকে।
“ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি একটা টান অনুভব করছিলাম। তবে বাসা থেকে অনুৎসাহিত করা হতো।”
‘রাজা এবং অন্যান্য’ নাটকের দৃশ্যে শাহেদ আলী।
শাহেদের তখনও দর্শক সারি থেকে মঞ্চে ওঠা হয়নি। তাই এবার গেলেন ঢাকা থিয়েটারে। তার ভাষায়, দর্শক টানতে পারার ক্ষমতা আছে দলটির। ঐ সময়ের সব কটি প্রযোজনা তার নখদর্পণে। কিন্তু সেখান থেকেও ফিরে আসতে হলো।
এরপর চলতে থাকলো নিজ উদ্যোগে অভিনয় শেখার কাজ। আর শিক্ষা জীবন শেষে পরিচালকের সহকারী হিসেবে কাজ শুরু করলেন।
১৯৯৭ সালে নাট্যদল প্রাচ্যনাটের সঙ্গে কাজ শুরু করলেন। আজাদ আবুল কালামের নেতৃত্বে গড়া দলটিতে প্রথম দিকে প্রযোজনার নানা কাজ সামলাতেন। একটা সময়ে শুরু করলেন অভিনয়।
দলটির নাটক ‘দড়ির খেলা’, ‘সার্কাস সার্কাস’, ‘বোম্’, ‘ফৌজ হল্ট’, ‘আ ম্যান ফর অল সিজন’, ‘জন্তু’, ‘বিষপাঁচালী’, ‘কইন্যা’, ‘কৈবল্য’, ‘রাজা এবং অন্যান্য’ - তে অভিনয় করেছেন শাহেদ।
‘ফ্যান্টাসটিক মি. ফক্স’ ও ‘তুঘলক’ নামের দুটি নাটক নির্দেশান দিয়েছেন।
তার অভিনীত ‘পরিবার করি কল্পনা’, ‘হল্লাবাজি’, ‘প্রজ্ঞা পারমিতা’সহ বেশ কয়েকটি নাটক প্রচারিত হচ্ছে।
সম্প্রচারের অপেক্ষায় আছে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’, ‘জিরো পয়েন্ট’, ‘বুকে তার চন্দনের গন্ধ’, ‘রেড লাইন’, ‘কাঁদা মাটির মানুষেরা’ ইত্যাদি।
গৌতম ঘোষের সিনেমা ‘মনের মানুষ’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শাহেদ। সিনেমার দুদ্দু শাহ চরিত্রটি রূপায়ন করেন তিনি। এরপরে মুক্তি পেয়েছে অমিত আশরাফের সিনেমা ‘উধাও’।
জানালেন, গৌতম ঘোষের আরও একটি সিনেমায় অভিনয়ের কথা চলছে। চলতি মাসেই তিনি ঢাকায় আসবেন। সে সময় বিষয়টি চুড়ান্ত হবে।
তিনি গ্লিটজকে বলেন, “যে কোনও প্রোডাকশনে অভিনয়ের ক্ষেত্রে আমার কাছে মূথ্য হচ্ছে চরিত্র। একটা চরিত্র কতোটা বিস্তার লাভ করতে পারে, কতোটা মাত্রায় দেখা যেতে পারে তা বিবেচনা করেই আমি অভিনয় করতে চাই।”
“সেক্ষেত্রে চরিত্রটা নায়কের নাকি খলনায়কের তা বিবেচনা করব না।”
