Published : 07 Aug 2026, 12:55 PM
নতুন-পুরনো মিলিয়ে ছয়টি সিনেমা নিয়ে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’।
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ এই স্লোগানে উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী রোববার থেকে শুরু হয়ে এই উৎসব চলবে চলতি মাসের তারিখ পর্যন্ত।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই উৎসবে দর্শকরা বিনা টিকেটে সিনমাগুলো দেখার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, উৎসবের প্রতিটি প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে রোববার বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনের পরপরই বিকেল ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
উৎসবের দ্বিতীয় দিন ১০ অগাস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমানের ধ্রুপদী চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’। রাত ৮টায় দর্শকরা দেখতে পারবেন সম্প্রতি মুক্তি পাওয়া মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’।
শেষ দিন ১১ অগাস্ট বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। রাত ৮টায় উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে প্রদর্শিত হবে আকাশ হক পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
এছাড়াও উৎসবের অংশ হিসেবে শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল সেকাল’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আকতানিন খায়ের তানিন।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম কচি, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান এবং এস এম ইমরান হোসেন।