Published : 02 Aug 2026, 02:33 PM
ভারতীয় চলচ্চিত্রকার, লেখক ও আঁকিয়ে সত্যজিৎ রায়কে ‘সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা বলে অভিহিত করেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান।
তার কথায় সত্যজিতের কালজয়ী সিনেমা 'পথের পাঁচালী’ একটি ‘অবিশ্বাস্য সৃষ্টি’।
এনডিটিভি জানিয়েছে, নোলান সম্প্রতি নিউ ইয়র্কের ক্রাইটেরিয়ন কালেকশনের বিখ্যাত ক্রাইটেরিয়ন ক্লোজেট পরিদর্শন করেন। এই সংগ্রহশালায় বিশ্বের এক হাজারেরও বেশি সেরা চলচ্চিত্রের ঠাঁই হয়েছে। ওই সংগ্রহশালায় গিয়ে তিনি সত্যজিতের 'দ্য অপু ট্রিলজি' বেছে নেন।
ক্রাইটেরিয়ন কালেকশনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, শেলফ ঘুরে ঘুরে নোলান কিছু সিনেমার রেকর্ড বেছে নিচ্ছেন।
পাশাপাশি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের ওপর সেসব সিনেমার প্রভাব নিয়ে আলোচনা করছেন। তার নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে বিশেষভাবে দৃষ্টি কাড়ে সত্যজিৎ রায়ের 'দ্য অপু ট্রিলজি'।
কিংবদন্তি এই নির্মাতার প্রশংসা ঝরেছে নোলান কথায়।
তিনি বলেন, “এই যে, হাতে আছে সত্যজিৎ রায়ের 'দ্য অপু ট্রিলজি'। তিনি ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। এই ট্রিলজির শুরু 'পথের পাঁচালী' দিয়ে, যা একেবারেই অবিশ্বাস্য একটি চলচ্চিত্র।
“যা আমাকে বিস্ময়ে অভিভূত করেছে। আমি এখনো ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় অংশ দেখিনি। তাই এটি সংগ্রহ করে পুরো গল্পটি সম্পন্ন করতে পারব। আমি বেশ রোমাঞ্চিত।'
নোলানকে সত্যজিৎ রায়ের কাজের প্রশংসা করতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘এক সর্বকালের সেরা আরেক সর্বকালের সেরার প্রশংসা করছেন।'
অন্য একজন লিখেছেন, ‘মনে হচ্ছে এক ঈশ্বর আরেক ঈশ্বরের বন্দনা করছেন।'
'একজন মাস্টারই আসল মাস্টারের কদর বোঝেন’, মন্তব্য আরেক জনের।
আরেক সিনেমাপ্রেমী লিখেছেন, 'নোলানের শিল্প রুচি প্রশংসার দাবি রাখে নিঃসন্দেজে।'
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত 'দ্য অপু ট্রিলজি'তে রয়েছে পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬) এবং অপুর সংসার (১৯৫৯)।
‘পথের পাঁচালী’র শুটিং চলেছিল দুই বছরের বেশি সময় ধরে। বিজ্ঞাপন অফিসে কাজের ফাঁকে ফাঁকে এই ছবির শুটিং করেছিলেন সত্যজিৎ রায়। টাকাপয়সা নানা সমস্যা সীমাবদ্ধতা, কত কী এসে পথ আটকেছে বিন্তু হাল ছাড়েননি তিনি।
চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই সিরিজে দরিদ্র এক গ্রামীণ পরিবেশে অপুর শৈশব থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার জীবনযাত্রা তুলে ধরা হয়েছে।
এই ট্রিলজি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়া কান, বার্লিন ও ভেনিস চলচ্চিত্র উৎসবেও একাধিক সম্মাননা অর্জন করেছে।
অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা 'দ্য ওডিসি' বক্স অফিসে সাফল্যের ধারা ধরে রেখেছে। সিনেমাটি নিয়ে ব্যাপক প্রশংসা হচ্ছে।