২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কুস্তিগীর আমির?

কখনও বিপ্লবী,কখনও পাগলাটে  এক শিক্ষার্থী আর কখনও দুর্ধর্ষ এক চোর - বিশ বছরের অভিনয়জীবনে আমির খানকে দেখা গেছে নানা রূপে। এমনকি শোনা যাচ্ছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘পিকে’তে ভিনগ্রহবাসীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।এবার কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে তাকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 05:39 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

জি মিডিয়া ব্যুরো বলছে,‘পিকে’র পোস্টারে নগ্ন আমিরকে নিয়ে যখন আলোচনায় মুখর পুরো বলিউড, তখন নতুন আরেকটি সিনেমার কাজে হাত দিয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে,‘দাঙ্গাল’ নামের নতুন এই ফিল্মে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করবেন পারফেকশনিস্ট খান।

নিজের প্রতিটি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নেওয়ার জন্য খ্যাতি আছে আমিরের। আর পেশাদার কুস্তিগীর রূপে পর্দায় হাজির হওয়ার আগে প্রশিক্ষণ নিয়েই মাঠে নামবেন তিনি। 

ভারতের ঐতিহ্যবাহী কুস্তি খেলাকে বলা হয় ‘দাঙ্গাল’।  আর এই খেলার ওপরই নির্মিত হবে সিনেমাটি।

‘ভুতনাথ রিটার্নস’ এবং ‘চিল্লার পার্টি’ খ্যাত নির্মাতা নিতেশ তিওয়ারি পরিচালনা করবেন আমিরের নতুন এই সিনেমা, যার শুটিং শুরু হবে ২০১৫ সালে।

প্রশিক্ষণের পাশাপাশি আপাতত ‘পিকে’র প্রচারের কাজে ব্যস্ত আছেন আমির। ‘পিকে’ মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।