বিয়ে করলেন সারিকা
অবশেষে বিয়ের পাট চুকিয়ে ফেললেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। সাত বছরের বন্ধু মাহিম করিমের সঙ্গে এক বছর প্রেম করার পর তার গলাতেই মালা পড়িয়েছেন তিনি। ১২ অগাস্ট, মঙ্গলবার এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী।
বিয়ের খবর জানাতেই আয়োজন করেন একটি ছোট্ট অনুষ্ঠানের সেখানে গ্লিটজকে বললেন, “বিয়ে নিয়ে কোনো লুকোচুরি নয়। বিয়ের খবরটি আমি সবাইকে জানিয়ে দিতে চাই।”
মাহিম জানান, ২০০৭ সালে এক র্য্যাম্প শোতে সারিকাকে প্রথম দেখেন তিনি। সেদিনই ভীষণ ভালো লেগে যায় এই মেয়েটিকে। কিছুদিন বাদেই সারিকার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। ২০১৩ সালে এসে মাহিম অনুভব করেন সারিকা কেবল একজন বন্ধু নন। ভনিতা না করে তিনিই প্রথম সারিকাকে ভালোবাসার কথাটা জানিয়ে দেন।
প্রিয় বন্ধুর ভালোবাসার প্রস্তাবে সারিকা প্রথমে ভীষণ অবাক হয়েছিলেন।
“মাহিমের মুখে ‘আই লাভ ইউ’ শুনে আমি খুব অবাক হয়েছিলাম। মাহিমকেও আমার ভালো লাগত খুব। খুব বেশি সময় না নিয়েই মাহিমকে জানিয়ে দিলাম, আমিও তাকে খুব ভালোবাসি।”
ছবি- লয়েড হালদার তুহিন
ছবি- লয়েড হালদার তুহিন
বিয়ের পর অভিনয়ে নিয়মিত হবেন কি না এ প্রশ্নের জবাবে সারিকা বলেন, “সবে তো বিয়ে হল। এখন একটু নিজেদের মতো করে কটা দিন কাটাতে চাই। তবে খুব শিগগিরই ফিরব মিডিয়াতে। আবারও নাটকে নিয়মিত হব।”
সারিকার অভিনয়ের ব্যাপারে শতভাগ সমর্থন আছে মাহিমের।
“সারিকার অভিনয়ের ব্যাপারটি পুরোপুরি ওর ওপর নির্ভর করে। আমি চাই সে অভিনয় করুক। আমার সমর্থন রয়েছে। সে যখন চাইবে তখনই অভিনয় করবে। আমার কোনো আপত্তি নেই।”
কাজ থেকে দীর্ঘ বিরতির কারণ সম্পর্কে সারিকা বললেন, “একান্ত ব্যক্তিগত কারণে আমি মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে সময় দিতেই এই বিরতি।”
সারিকার এই বিরতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল সারিকা বললেন সেসব বিষয়ে কথা বাড়াতে চান না
“প্রশ্নগুলো অনেক কঠিন, উত্তর আরও কঠিন। আমার জীবনে আর কোনো কঠিন কিছু চাই না। আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। আমি হাসিখুশি থাকতে চাই।”
ছবি- লয়েড হালদার তুহিন
ছবি- লয়েড হালদার তুহিন
তবে সবার আগে একজন আদর্শ বউ হতে চান তিনি।
“আমার কাছে সংসার এক নতুন চ্যালেঞ্জ। নতুন এক্সপেরিমেন্ট। আমি সবার আগে একজন ভালো বউ হতে চাই। সংসার জীবনে সফল হতে চাই আমি।”
২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
সারিকা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে মোহন খানের ‘রাধা তুমি কার’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’, হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’, চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’ ও বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের 'একটু বোকামি অনেকটা পাগলামী` ইত্যাদি।
