ঢাকা, চট্টগ্রামে সেলিম আল দীন জন্মোৎসব
সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে দুদিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করেছেন সেলিম আল দীন ফাউন্ডেশন।
এ আয়োজনে তাদের সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্যান্টোমাইম মুভমেন্ট ও নাট্যধারা।
রোববার বেলা তিনটায় ঢাকায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে “বাংলাদেশের জাতীয় নাট্যাঙ্গিক এবং ঢাকা থিয়েটারের ‘দ্য টেম্পেস্ট’” শীর্ষক সেমিনারের মাধ্যমে শুরু হবে ঢাকায় উৎসব শুরু হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাসউদ ইমরান মান্নু। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় মূল অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনার পর প্রদান করা হবে ‘সেলিম আল দীন পদক’। এবার পদক পাচ্ছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।
এরপর বগুড়া থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘দ্রোহ’। নাটকটি নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না।
সোমবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে জন্মোৎসবের দ্বিতীয় দিনটি। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে রয়েছে ‘রবীন্দ্রভুবনে সেলিমের ভ্রমণ’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। শিমুল ইউসুফের পরিচালনায় পরিবেশনায় থাকছে ঢাকা থিয়েটারের শিল্পীরা।
ওদিকে চট্টগ্রামের আয়োজন শুরু হবে রোববার সকাল ১০টায়। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে জন্মোৎসবের উদ্বোধন করবেন কবি আবুল মোমেন। সাড়ে দশটায় প্রদর্শিত হবে এশা ইউসুফ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘এই যে আমি’। চট্টগ্রামের আয়োজনে নাট্যব্যক্তিত্ব কামাল উদ্দিন কবীরের ‘বাংলা নাট্যের দিশা ও সেলিম আল দীন’ শীর্ষক কর্মশালা ছাড়াও থাকছে ‘বিদ্যায়তনিকত নাট্যকলা- জিয়া হায়দার থেকে সেলিম আল দীন’, ‘পাঁচালী নাটক প্রাচ্যের মূক নাট্যায়নে দ্বৈতাদ্বৈতবাদ প্রসঙ্গ’ শীর্ষক দুটি সেমিনার।
উৎসবের সদস্য সচিব বাবুল বিশ্বাস গ্লিটজকে বলেন, “বিশ্বব্যাপী সাংস্কৃতিক আগ্রাসনের এই কালে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সেলিম আল দীন বাংলা নাটককে অন্য একটি মাত্রা প্রদান করেছিলেন। পাশ্চাত্যের অনুকরণ না করে বাংলা নাটকে নিজস্ব নাট্যরীতি প্রবর্তন করেছিলেন। তার নাট্যরীতিকে নাট্যকর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে সেলিম আল দীন ফাউন্ডেশন কাজ করছে। তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের অংশ হিসেবেই আমাদের এ আয়োজন।”
জন্মোৎসবের ঢাকা পর্বের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ঢাকা থিয়েটার। ঢাকা থিয়েটার সেলিম আল দীনের ‘জন্ডিস ও বিবিধ বেলুন, ‘ সঙবাদ কার্টুন’, ‘মুনতাসির’, ‘শকুন্তলা’, ‘চর কাঁকড়ার ডকুমেন্টারি’, ‘কেরামতমঙ্গল’. ‘যৈবতী কন্যার মন’, ‘হরগজ’ , ‘নিমজ্জন’ ও ‘ধাবমান’সহ বেশকটি নাটক মঞ্চস্থ করেছে।
