২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবের প্রেম পর্দায়

২৯ অগাস্ট মুক্তি পাচ্ছে শখ-নিলয় জুটির প্রথম এবং একমাত্র সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’। সিনেমাটি পরিচালনা করছেন সানিয়াত হোসেন। বাস্তবজীবনের এক সময়ের এই জুটির প্রেমকাহিনিকে পর্দায় তুলে ধরার ইচ্ছা নিয়েই সিনেমাটি নির্মাণ শুরু করেন বলে জানালেন এই পরিচালক।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 05:32 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

পুরনো খবর:

শখ-নিলয়ের 'অল্প অল্প প্রেমের গল্প'

সানিয়াত গ্লিটজকে জানান, তার বিজ্ঞাপন প্রযোজনা  প্রতিষ্ঠানের ব্যানারে শখ ও নিলয় একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছিলেন। সেই থেকে দুজনার বন্ধুত্ব ও প্রেম। বাস্তবের এই জুটিকে নিয়ে তখনই রোমান্টিক সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন সানিয়াত।  

“আমি যখন সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করি, তখন শখ ও নিলয় প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাদের প্রেমকাহিনিকে পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। সিনেমার শুটিং যখন শুরু হয়, তখন সব ঠিক ছিল। কিন্তু শেষদিকে তারা দুজন আলাদা হয়ে গেল। কিন্তু ওরা খুব পেশাদার শিল্পী। সম্পর্ক ভেঙ্গে গেলেও তারা বেশ স্বাভাবিক ছিল। সেটে সহকর্মীর মতো আচরণ করেছে। তাদের ব্যক্তিগত জীবনের টানাপড়েন সিনেমাতে কোনো প্রভাব ফেলেনি।”

সিনেমার গল্প প্রসঙ্গে সানিয়াত জানান, প্রচলিত রোমান্টিক ধাঁচের বাংলা সিনেমা থেকে সম্পূর্ন আলাদা হবে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাটি।   

“প্রচলিত ধারার রোমান্টিক সিনেমাগুলোর মতো নয় সিনেমাটি। টিনএজ দু্ই বন্ধুর প্রেমের গল্পে অবাস্তব কিছু দেখাতে চাই নি আমি। অযথা কোনো দৃশ্য নেই এতে।”

সানিয়াত জানান, সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। সিনেমার চারটি গানের সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও বেলাল খান।

সিনেমাটি শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এ সিনেমাটি মুক্তির পর একটি অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে বলেও জানালেন সানিয়াত।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শখের। নিলয়ের প্রথম সিনেমা ‘বেইলি রোড’ মুক্তি পায় ২০১২ সালে।  এরপর নিলয় ‘রূপগাওয়াল’ এবং ‘ভালোবাসবোই তো’ সিনেমাতে অভিনয় করেছেন।  

সিনেমাটি নিয়ে শখ ও নিলয়ের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও, তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।