২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকবিপ্লবের উন্মাদনা

‘রকনেশন-দ্য রেভলুশন অফ রক’- নামের মধ্যেই যেন লুকিয়ে ছিল বারুদে ঠাসা এক কনসার্টের গন্ধ। অনেক অনিশ্চয়তা থাকলেও ওউনড, মিনারভা, একোজ, অ্যাভয়েডরাফা,পাওয়ারসার্জ, নেমেসিস, ক্রিপটিক ফেইট, জন এবং আর্টসেলের পারফরর্ম্যান্স প্রমাণ করলো নামের স্বার্থকতা। ৮ই অগাস্ট, শুক্রবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে  কনসার্টে মেতেছিলেন উপস্থিত সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 05:18 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

নব্বইয়ের দশকের শেষ থেকেই ব্ল্যাক, আর্টসেল, ক্রিপটিক ফেইট, মেটাল মেইজ, পয়জন গ্রিনের মত ব্যান্ডগুলোর আবির্ভাবে রক এবং মেটাল ঘরানার সংগীতের নতুন এক জোয়ার ওঠে। আস্তে আস্তে এই ধারায় উঠে আসে নেমেসিস, আরবোভাইরাস, পাওয়ারসার্জের মত ব্যান্ডগুলো।

রকবিপ্লবের এই ধারায় গত কয়েক বছর থেকেই নতুন এক মাত্রা যোগ করেছে আয়োজক লাইভ স্কয়ারের কনসার্টগুলো। এর মধ্যে ২০১৩ সালে শুরু হওয়া ‘রকনেশন’ সিরিজের কনসার্টগুলোর পঞ্চম কিস্তিই শুক্রবারের এই আয়োজন।

তবে এই সিরিজের আগের পর্বগুলোর চেয়ে এবারের কনসার্টটি ভিন্নতা পেয়েছে কিছু অপ্রত্যাশিত ঘটনায়। প্রথমে ওয়ারফেইজ, অর্থহীন, আরবোভাইরাস, নেমেসিস, রেডিও অ্যাকটিভ এবং অল স্টারস ব্যান্ডের পারফর্ম করার কথা থাকলেও বিভিন্ন জটিলতা এবং ব্যান্ডের কিছু সদস্যের অসুস্থতার কারণে নেমেসিস বাদে বাকি ব্যান্ডগুলো কনসার্টটিতে পারফর্ম করার ব্যাপারে অপারগতা জানায়। অবশেষে প্রতিকূলতাকে দূরে ঠেলে নবীন কিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সমন্বয়ে সফল একটি কনসার্টের আয়োজন করে লাইভস্কয়ার।

বিকাল ৩টা বাজতে না বাজতেই উইন্টার গার্ডেনের বাইরে জড়ো হতে শুরু করে রকপ্রেমীরা। প্রচণ্ড গরমও কাবু করতে পারেনি তাদের। বিকেল সাড়ে ৪টা নাগাদ গেট খুলে গেলে উইন্টার গার্ডেনের ভেতরটা আস্তে আস্তে ভরে যায় দর্শকে।

অসাধারণ এক স্টেইজ সেট আপে দেখা গেল অল্টারনেটিভ এবং এক্সপেরিমেন্টাল রক ব্যান্ড ওউনডকে। আন্ডারগ্রাউন্ডে জনপ্রিয় হয়ে উঠতে থাকা ব্যান্ডটির সাউন্ড চেকেই মাথা ঝাঁকাতে শুরু করেন ভেতরে প্রবেশ করা ভক্তরা। অতিথি হিসেবে ওউনডের সঙ্গে গিটার বাজান এ.কে রাহুল।

গ্রাঞ্জ রক ব্যান্ড নির্ভানার ‘ব্রিড’  কাভার করে শুরুতেই সবাইকেই চাঙ্গা করে তোলে ওউনড। একে একে তারা পারফর্ম করে 'ভাবান্তর', 'জ্যাকেল অ্যান্ড হাইড' এবং 'বিয়োগ'। ইন্সট্রুমেন্টের সঙ্গে ভোকাল রাতুলের দুর্দান্ত কম্বিনেশন এবং ফাসিহ-প্রীতম-রাহুলের গিটার ট্রায়ো ছিল বেশ উপভোগ্য।

Image
‘রকনেশন- দ্য রেভুলুশন অফ রক’ কনসার্টে ব্যান্ড ওউন্ড-এর গিটারিস্ট প্রীতম আহমেদ। ছবি: লয়েড হালদার তুহিন।

‘রকনেশন- দ্য রেভুলুশন অফ রক’ কনসার্টে ব্যান্ড ওউন্ড-এর গিটারিস্ট প্রীতম আহমেদ। ছবি: লয়েড হালদার তুহিন।

ওউনড এর পর সাড়ে ৫টা নাগাদ মঞ্চে ওঠে এ সময়ের অন্যতম গ্রুভ/থ্র্যাশ মেটাল ব্যান্ড মিনারভা। নিজেদের অ্যালবাম ‘বিদায় সংবিধান’ থেকে ‘আশীর্বাদ’ গানটির হেভি মেটাল তাণ্ডব দর্শক মাতায়। দিনটি ছিল তাদের গিটারিস্ট সুলতান রাফসান খানের জন্মদিন, আর তাই ব্যান্ডটি এবং দর্শকরা ‘শুভ জন্মদিন’ গেয়ে অভ্যর্থনা জানায় তাকে।

এরপর ভক্তদের অনুরোধের চাপে মিনারভা পারফর্ম করে তাদের বিখ্যাত ‘ট্রিবিউট সং’। আজম খান, জেমস, মাইলস থেকে শুরু করে হাল আমলের ব্ল্যাক, অর্থহীন, ক্রিপটিক ফেইট, আর্টসেল, আরবোভাইরাস, নেমেসিস ব্যান্ডের জনপ্রিয় গানের মিশেলে মঞ্চ কাঁপিয়ে তোলে মিনারভা, তীব্র উন্মাদনায় শুরু হয়ে যায় মশপিট! ভোকাল ইশমির জোরালো কণ্ঠের সঙ্গে গিটারিস্ট রাফসান এবং ইঞ্জামামের দুর্দান্ত রিফ-সোলোর সমন্বয় ছিল অনন্য। 'যাত্রা' গানের মধ্য দিয়ে শেষ হয় মিনারভার পারফরম্যান্স।

কিছুটা সময়ের জন্য কোলাহল থামলেও ‘পিঙ্ক ফ্লয়েড’ এর ‘কমফোরটেবলি নাম্ব’ গানের ইন্ট্রো শুনেই মঞ্চে চোখ চলে যায় সবার। সাইকাডেলিয়ার মোহে আচ্ছন্ন করে দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যায় ব্যান্ড ‘একোজ’। গানটির সোলো বাজিয়ে নিজের গিটারে রীতিমত ঝড় তোলেন গিটারিস্ট হামজা আহমেদ। নিজেদের অ্যালবাম ‘সহজ গল্প’ থেকে ‘হ্যারি হুডিনি’ ছাড়াও তারা কাভার করে ‘গানজ অ্যান্ড রোজেস’ এর ‘প্যারাডাইস সিটি’ গানটি।

এরপরই মঞ্চে ওঠে অ্যাভয়েডরাফা। এই প্রজন্মের ব্যান্ডশিল্পীদের মধ্যে বৈচিত্রময় কাজের জন্য পরিচিত রায়েফ আল হাসান রাফার এই ব্যান্ড  মঞ্চে উঠেই পারফর্ম করে অর্থহীনের ‘আবার’ গানটি। পাঙ্ক রকধর্মী এই গানটির রেশ কাটতে না কাটতেই রাফা তার গিটার টিউন করতে করতে বলেন, “এবার একটা পুরোনো দিনের গান করবো”। সবাইকে চমকে দিয়ে রাফা গাওয়া শুরু করেন ‘সিস্টেম অফ আ ডাউন’ ব্যান্ডের ‘টক্সিসিটি’ এবং ‘চপ সুই’গান দুটি। কনসার্টের সবচেয়ে বড় মশপিটটা হয় এই দুটো গান চলাকালীন।

মঞ্চে অ্যাভয়েডরাফার সঙ্গে পারফর্ম করার জন্য আসেন ব্লান্ডারওয়্যার ব্যান্ডের মোক্তাদির শান্ত। তার দুর্দান্ত বিটবক্সিং এবং সামির ও রাফার গিটার ঝংকারে ‘লিংকিন পার্ক’ এর ‘অথরিটি’ গানটির কাভার দর্শকদের উন্মাতাল করে তোলে। শেষের দিকে ‘আনমনে ২’ এবং ‘তুই আমি তোরা’-এর মত সফট রক গানের মধ্য দিয়েই নিজেদের অনবদ্য পারফরম্যান্স শেষ করে অ্যাভয়েডরাফা।

ততক্ষনে সন্ধ্যা গড়িয়ে রাত সাড়ে আটটা, নতুন এক প্রলয়ের ইঙ্গিত দিয়ে মঞ্চে থ্র্যাশ মেটাল ব্যান্ড পাওয়ারসার্জ। তাণ্ডবলীলার শুরু তাদের ‘অপ্রস্তুত যুদ্ধ’ গানটি দিয়ে। পাওয়ারসার্জ স্টেইজে পারফর্ম করছে, আর কোনো মেটালিকার কাভার থাকবে না? হতেই পারেনা! ‘মাস্টার অফ পাপেটস’-এর কাভারে সাইমুম হাসান নাহিয়ানের গিটার রিফ তাই পাগল বানিয়ে ছাড়লো সবাইকে। ভোকাল জামশেদ চৌধুরি গাইলেন, সঙ্গে গাইলো পুরো উইন্টার গার্ডেন। আর ‘অগ্নিস্নান’ও ‘মিথ্যের আগ্রাসন’ গানে যেন পুরো বল রুমে ঝড় বয়ে যায়।

আরবোভাইরাস রকনেশনে না থাকলেও তাদের ছায়া হয়ে পুরো শোতেই স্টেজে ছিলেন ব্যান্ডটির ড্রামার নাফিজ আল আমিন। ক্রমাগত বিপজ্জনক স্টেজ ডাইভ দিয়ে দর্শকদের আরও চাঙ্গা করে তুলেছেন।

আগের লাইন আপের একমাত্র ব্যান্ড ‘নেমেসিস’ স্টেইজে ওঠে রাত সাড়ে নয়টায়। নতুন সিঙ্গেল ‘ঘুড়ি’ পারফর্ম করেন তারা। জোহাদের দৃঢ় কণ্ঠের সঙ্গে জাফির-জেরিফের গিটার ডুয়ো, রাতুলের গ্রুভি বেইজ আর ডিওর দক্ষ ড্রামিং জমিয়ে তোলে পুরো পারফরম্যান্সকে। ‘তৃতীয় যাত্রা' এবং ‘অবচেতন’ গান দুটি করার পর, বারবার অনুরোধে ‘কবে' পারফর্ম করেই নেমেসিস ইতি টানে তাদের পর্বের।

মঞ্চে এবার ক্রিপটিক ফেইট। ‘ভোরের অপেক্ষা' গানটি দিয়ে শুরু করলেও দর্শকরা মাতাল হন ‘ভবঘুরে’ গানের উন্মাদনায়। ‘প্রতিবাদ’ গানটির পর ফারহান সামাদ এবং সারফারাজ লতিফুল্লার গিটারে বেজে ওঠে ক্রিপটিক ফেইটের ‘চলো বাংলাদেশ’। জনপ্রিয় গানটি ভোকাল শাকিব চৌধুরির চেয়ে বেশি গাইলেন দর্শকরাই। শাকিব-ফারহান-সারফারাজ-রাফা এই চারজনের অসাধারণ সমন্বয়ে ক্রিপটিক ফেইট যতক্ষণ স্টেজে ছিল, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন রকপ্রেমী দর্শকরা। সবশেষে ‘আক্রমণ’ এবং ‘শ্রেষ্ঠ’ গানের মিশেলে হয় ক্রিপটিক ফেইটের সমাপনী পারফরম্যান্স।

সময় তখন প্রায় ১০টা বেজে ২০। দর্শকদের একটা অংশে ঝিমুনি এলেও সচকিত হয়ে ওঠেন ইনডালোর ভোকাল জন কবিরের উপস্থিতিতে।

“যখন দেখলাম শো টা হচ্ছে, আর থাকতে পারি নি। চলে এলাম গিটারটা নিয়ে। লাভ ইউ গাইজ!” ব্ল্যাকের হয়ে একসময় মঞ্চ কাঁপানো এই শিল্পী রক সংগীত নিয়ে নিজের আবেগের কথা জানালেন এভাবেই।

জন বাজালেন ‘আমরা’ আর ‘অভিমান’ গান দুটি, সঙ্গে তাল মেলালো প্রায় সবাই। সম্পূর্ণ সোলো অ্যাকুইস্টিক সেট আপে একাই যেন মঞ্চটাকে আবার জাগিয়ে তোলেন জন। কনসার্টের শেষ ব্যান্ড আর্টসেলকে শুভ কামনা জানিয়ে ইনডালো ব্যান্ডের ‘আই.এস.ডি’ গানটি বাজিয়ে ইতি টানেন জন।

জন নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বল রুম প্রকম্পিত ‘আর্টসেল আর্টসেল’ চিৎকারে। রাত ১১ টায় ধীরে ধীরে মঞ্চে ওঠেন আর্টসেলের ভোকাল-গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি কস্টা এবং এরশাদ জামান। ড্রামার সাজু দেশের বাইরে থাকায় তাদের জায়গায় ড্রাম বাজান প্রিজনার্স ব্যান্ডের ড্রামার জামান শিশির। আর সেজানের জায়গায় বেইজে ছিলেন জাহিন রাশিদ। দর্শকদের চিৎকার তখনও থামে নি, সঙ্গে জোর করতালিতো ছিলই। ‘এই সময়’ গানটি দিয়ে শুরু হয় আর্টসেলের দীর্ঘদিন পর প্রথম লাইভ পারফরম্যান্স। উন্মাতাল দর্শক তখন মঞ্চের একেবারে সামনেই।

লিঙ্কন মাইক হাতে বলে ওঠেন, “আমাদের গান শোনার জন্য এত রাত পর্যন্ত থেকেছেন, সে জন্য ধন্যবাদ। আমরা অনেকগুলো গান করব”। ‘ধূসর সময়’, ‘স্মৃতিস্মারক’ এবং ‘উৎসবের উৎসাহে’ গানগুলো পারফর্ম করার সময় দর্শকরা মেতে ওঠেন উল্লাসে। সেই উল্লাসের পালে হাওয়া লাগায় ‘ভুল জন্ম’। আবার ‘দুঃখ বিলাস’ সবাইকে ডুবিয়ে দেয় বিষাদময়তায়।

তখনও বাকি ছিল আরও কিছু চমক। লিঙ্কন মঞ্চে ডেকে নিলেন পুরোনো বন্ধু জনকে। অতিথি ভোকাল হিসেবে জন গাইলেন আর্টসেলের ‘অপ্সরী’ গানটি। আর শিশিরের জায়গায় তখন ড্রাম বাজান আর্টসেল ব্যান্ডের বন্ধু অমিত। কনসার্টের পর্দা নামলো ‘অন্য সময়’ গানটির মাধ্যমে।