২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সৈনিক ক্রিস্টেন স্টুয়ার্ট

'টোয়াইলাইট' সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট এবার পর্দায় আসছেন সম্পূর্ণ ভিন্ন রূপে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পরিচালক পিটার স্যাটলারের 'ক্যাম্প এক্স-রে' সিনেমায় তাকে দেখা যাবে গুয়ানতানামো বে কারাগারের এক সৈনিকের চরিত্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। প্রথমবারের মত রাশভারী এক সেনার চরিত্রে দেখা যাবে ২৪ বছর বয়সী স্টুয়ার্টকে। গুয়ানতানামো বে কারাগারে কয়েদীদের দৈনন্দিন জীবন এবং কারারক্ষীদের সঙ্গে তাদের সম্পর্ক- মূলত এই বিষয়গুলোই ফুটে উঠবে 'ক্যাম্প এক্স-রে' সিনেমাটির মাধ্যমে।

এমি নামের এক তরুণী সৈনিক হিসেবে যোগদান করার পরই তাকে নিয়োগ দেওয়া হয় গুয়ানতানামো বে কারাগারে। কারারক্ষী হিসেবে কয়েদীদের আত্মহত্যা ঠেকানোই হয়ে ওঠে তার প্রধান দায়িত্ব। এমির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আলী আমির নামে এক কয়েদীর, যে গুয়ানতানামো কারাগারে আছে আট বছরেরও বেশি সময় ধরে।

এরকম সাহসী একটি চরিত্র স্টুয়ার্টের ক্যারিয়ারকে ভিন্ন মোড়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

'টোয়াইলাইট' এবং 'স্নো ওয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান'-এর মত সিনেমায় অভিনয় করা স্টুয়ার্ট এখন কাজ করছেন 'ইকুয়ালস' এবং 'আমেরিকান আল্ট্রা' নামের দুটি সিনেমায়। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুইটি সিনেমা।