২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুজান এক পয়সাও চায়নি: হৃতিক

সাবেক স্ত্রী সুজান খান ভরণপোষণ বাবদ চারশো কোটি রুপি চেয়েছেন - এমন খবর প্রকাশের পর সেটি যে গুজব তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন হৃতিক রোশান। এবার একটি ভারতীয় দৈনিকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন এই অভিনেতা৤

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 06:52 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় দেয়া এক বিবৃতিতে হৃতিক বলেন, “খোরপোষ বিষয়ক রং চড়ানো, মিথ্যা খবর দেখে ঘেন্না ধরে গেছে৤ আমার পরিবারের সম্মানহানির চেষ্টা এটা৤ দুজন মানুষের বিচ্ছেদ হলেই তাদের পরিবার ভেঙ্গে যায় না৤”

তিনি আরও বলেন, "সবার প্রতি আমার অনুরোধ, আমার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন। সুজানা আমার কাছে একটি পয়সাও চায়নি, কাজেই ভরণপোষণের প্রশ্নই উঠছে না। তিনি একজন কর্মজীবী স্বাধীন নারী, তার নিজের একটি কোম্পানি আছে। আমাদের সম্পর্কে কখনও টাকা-পয়সার কোনো জায়গা ছিল না, আর হবেও না। মানুষ কোন সাহসে একজনের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে কথা বলে আর হাসাহাসি করে! এটি খুবই দুঃখজনক যে আমাকে বিবৃতির মাধ্যমে এসব বলতে হচ্ছে। মানুষের লজ্জা হওয়া উচিত।"

সাবেক এই দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র বলছে, এখন পর্যন্ত নিজেদের মধ্যে কোনো ধরনের আর্থিক লেনদেন নিয়ে কথা বলেননি হৃতিক-সুজান।

চলতি বছরের এপ্রিলে সমঝোতার মাধ্যমেই আদালতে বিচ্ছেদের আবেদন করেন হৃতিক-সুজান। এভাবে সমাপ্তি হয় তাদের ১৭ বছরের বিবাহিত জীবনের। বিচ্ছেদের এই মামলার শুনানি হবে ৩১ অক্টোবর। ইতোমধ্যেই দুই ছেলেকে দেখাশোনার দায়িত্ব পেয়েছেন তাদের মা সুজান।