২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের নিয়ে ‘কাসার থালার রূপালী চাঁদ’

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে যুদ্ধপরাধীদের পুনর্বাসন ও তাদের সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কাসার থালায় রূপালী চাঁদ’ সিনেমাটি। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আশির দশকের অভিনেতা ড্যানি সিডাক। সিনেমাটিরও পরিচালক ও প্রযোজকও তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 01:15 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

‘কাসার থালায় রূপালী চাঁদ’ ২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয়ের সরকারি অনুদানের ‘সাধারণ শাখা’য় নির্বাচিত হয়েছে।

ড্যানি সিডাক গ্লিটজকে বলেন, “মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রাজাকার তথা দেশদ্রোহীরা নানাভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। দেশদ্রোহীরা নানাভাবে সমাজকে অশান্ত করতে চেয়েছে। ওরা কখনও দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই। তাদের আস্ফালনের গল্পই ফুটে উঠেছে বিদ্রুপাত্মক সিনেমাটিতে।"

ড্যানি সিডাক জানান, এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পীযূস বন্দোপাধ্যায়, আলীরাজ, মিজু আহমেদ, আফজাল শরীফ, ডলি জহুর, সুচরিতাসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে থাকছেন এটিএম শামসুজ্জামান।

নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে থাকছেন আইরিন, মৌলি, ইলোরা, সৌরভ,  জনি ও জসিম। এদের মধ্যে আইরিন বাদে সবারই এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে।

সিনেমাটি নির্মিত হবে ড্যানি সিডাকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসডি ফিল্মসের ব্যানারে। চলতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে এ সিনেমার শুটিং।

‘লড়াকু’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা ড্যানি সিডাক অভিনয় করেছেন ‘বীর সন্তান’, ‘প্রেম’, ‘অর্জন’, ‘শত্রু ভয়ঙ্কর’, ‘বীর পুরুষ’, ‘দেনমোহর’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘অগ্নি’সহ আরও অনেক সিনেমাতে। ‘সংগ্রামী হিরো’ এবং ‘জীবন্ত লাশ’ নামে দুটি সিনেমা ছাড়াও বেশকটি সিনেমা পরিচালনা করেছেন তিনি।