২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাচা চৌধুরী’ স্রষ্টার মৃত্যু 

কম্পিউটারের চেয়েও প্রখর মগজের চাচা চৌধুরী আর জটিল সব রহস্যের সমাধান করবেন না। সাবুর রাগে আর দূরে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতও ঘটবেনা। কারণ তাদের স্রষ্টা, ভারতীয় কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মা মারা গেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শৈশবের প্রিয় কার্টুনিস্টের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড তারকারা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 03:58 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

৫ অগাস্ট ভারতের গুরগাওয়ের এক হাসপাতালে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর, দীর্ঘদিন ধরে মলাশয়ের ক্যান্সারে ভুগছিলেন ভারতের এই ‘ওয়াল্ট ডিজনি’।

অভিনেতা অনুপম খের জানান, ছোটবেলায় পড়া ডায়মন্ড কমিকসের বিভিন্ন চরিত্র তাকে অভিনয় জীবনে অনেকটাই অনুপ্রাণিত করেছে।

তিনি লেখেন, “কিংবদন্তী কার্টুনিস্ট প্রাণের কমিকস পড়ে আমি বড় হয়েছি। পরবর্তী সময়ে আমার অভিনীত অনেক চরিত্রে তার চরিত্রগুলো প্রভাব ফেলেছে। তাকে খুব মনে পড়বে। তার আত্মা শান্তি পাক।”

ডায়মন্ড কমিকস প্রকাশনা সংস্থার মাধ্যমে ৩২ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়েছে তার বিভিন্ন কমিক সিরিজ।

অনুপম খের ছাড়াও প্রানের মৃত্যুতে শোক প্রকাশ করেন রানদিপ হুড়া, ভির দাস এবং নিখিল দিভেদির মত অভিনেতারা।

রনদিপ লেখেন, “চাচা চৌধুরীর মগজ কম্পিউটারের চেয়েও প্রখর ........প্রাণকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি শৈশব দেয়ার জন্য।”

‘হেইট স্টোরি’ খ্যাত অভিনেতা নিখিল দিভেদি লেখেন, “প্রাণ, চাচা চৌধুরীর স্রষ্টা আর বেঁচে নেই। মনে পড়ছে ছোটবেলার সেই ট্রেন যাত্রাগুলোর কথা, যখন হাতে থাকতো তার কমিক বইগুলো।”

নতুন প্রজন্মের পাঠকদের জন্য ভির দাস দিয়েছেন এক বিশেষ পরামর্শ—“যদি আপনি এখনও চাচা চৌধুরী কিংবা প্রাণের অন্য কোনো কমিকসের স্বাদ না পেয়ে থাকেন, তবে দেরি না করে আজই কিনে ফেলুন। একটু খুঁজলেই পাওয়া যাবে। সত্যি বলছি, আপনার টাকা জলে যাবে না।”

প্রাণের স্মরণে টুইট করেছেন পরিচালক মাধুর ভান্ডারকারও। জাতীয় পুরস্কার পাওয়া এই নির্মাতার টুইট ছিল,“যে মানুষটি আমাদের কিংবদন্তী চাচা চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়েছেন, তিনি আজ আর নেই। একটি সোনালি যুগের অবসান হল। একজন সত্যিকারের তারকা ছিলেন তিনি। প্রাণ শর্মার আত্মা শান্তি পাক।”

অভিনেত্রী সেলিনা জেটলি লেখেন, চাচা চৌধুরী ছিল তার ছোটবেলার প্রিয় কমিক চরিত্র।

সেলিনার টুইট, “ভারতের সুপারহিরোর স্রষ্টা প্রাণ কুমারের মৃত্যু খুবই কষ্টদায়ক ঘটনা।”