২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এমরানকে চুমু খেতে চাননি হুমায়মা'

কুনাল দেশমুখের সিনেমা ‘রাজা নাটওয়ারলাল’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী হুমায়মা মালিকের। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন হিন্দি সিনেপাড়ার ‘সিরিয়াল কিসার’ এমরান হাশমি। অবধাররিত ভাবেই সিনেমাটিতে বেশ কয়েকটি চুমুর দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাকে। যদিও সিনেমার চিত্রনাট্যে কোনো চুমুর দৃশ্য ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 04:55 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মুম্বাইভিত্তিক দৈনিক মুম্বাই মিররকে সিনেমাটির পরিচালক জানালেন এ ধরনের দৃশ্যে অভিনয়ে হুমায়মাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয় তাকে।

“পাকিস্তানি হওয়ায়, চুমুর দৃশ্যে অভিনয় করার ব্যাপারে শুরুতে মোটেই প্রস্তুত ছিলেন না হুমায়মা। এই ধরনের দৃশ্যে অভিনয় করলে তার দেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ভেবে বেশ ভয়ে ছিলেন তিনি।”

কুনাল আরও বলেন, “শুরুতে সিনেমার চিত্রনাট্যেও কোন চুমুর দৃশ্য রাখা হয়নি। পরে আমাদের মনে হলো, গল্পের খাতিরে এখানে এরকম কিছু দৃশ্যের প্রয়োজন। আমি তাই সরাসরি হুমায়মাকে প্রশ্ন করলাম, তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চান কিনা। তারপর তাকে আমাদের নতুন প্রজন্মের নায়িকাদের উদাহরণ দিলাম। জানালাম, এদের কারোরই চুমুর ব্যাপারে কোন সমস্যা নেই। আরও তাকে আশ্বস্ত করলাম এই বলে যে, এমরানের অন্য সিনেমাগুলোর মতো এই সিনেমায় চুমু থেকে আর অন্তরঙ্গতায় গড়াবে না দৃশ্যগুলি।”

অবশেষে হুমায়মা তিনটি চুমুর দৃশ্যে অভিনয় করতে রাজি হন।

এদিকে, এই সিনেমার মাধ্যমেই ভাট পরিবারের ছায়া থেকে বেরিয়ে নিজের স্বতন্ত্র সিনেমা তৈরির প্রথম পদক্ষেপ নিয়েছেন কুনাল দেশমুখ। ভাটদের প্রযোজনায় এর আগে ‘জান্নাত’ সিরিজ এবং ‘তুম মিলে’র মতো ব্যাবসাসফল সিনেমা পরিচালনা করেছিলেন তিনি।

ভিশেষ ফিল্মস থেকে বেরিয়ে এলেও, সিনেমা তৈরির ব্যাপারে এখনও মহেশ ভাট আর মুকেশ ভাটের পরমর্শ নেন বলেই জানালেন কুনাল। ‘রাজা নাটওয়ারলাল’ সিনেমার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হয়নি।

“মুকেশজী গানগুলো শুনেছেন। আর মহেশজীকে সিনেমার ফার্স্ট কাট দেখিয়েছি। তার দারুণ পছন্দ হয়েছে সিনেমাটি। বেশ কিছু জায়গায় সংশোধনের ব্যাপারেও আমাকে পরামর্শ দিয়েছেন তিনি। আমি সে অনুযায়ী কাজও করেছি। সত্যি বলতে কি, মহেশ ভাটের মতো গুরু থাকা সত্ত্বেও তার কথা যদি আপনি আমলে না নেন, তাহলে সেটা বোকামিই হবে।”